বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের তুমুল লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে হরেক রকমের অদ্ভুত ও বৈচিত্রময় ভক্তদের মেলা। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। কখনও লস অ্যাঞ্জেলস থেকে রোস্টন পর্যন্ত ৪ কিলোমিটার হেঁটে আসা স্কটল্যান্ডের তরুণ ভক্ত, আবার কখনও মেক্সিকোর জার্সি পরা হাঁস- সব মিলিয়ে গ্যালারির গল্প গুলোও জমজমাট।
তবে গত রবিবার ইন্টারনট দুনিয়ায় নতুন সেনসেশন হিসবে যোগ হয়েছেন তুরস্কের এক বিশেষ সমর্থক, যার অদ্ভুত রূপ দেখে মজেছে পুড়ো নেট দুনিয়া।
ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়া বনাম তুরস্কের ‘গ্রুপ ডি’-র ম্যাচ চলাকালীন গ্যালারিতে ক্যামেরার নজর কাড়েন এই সমর্থক, যার ইন্টারনেটজুড়ে পরিচিতি ‘উদি নেকো’ নামে।
ইন্টারনেটে উদি নেকো নামে ভাইরাল হলেও এই তুর্কি ভক্তের আসল নাম নেজদেত ওলচারম্যান। হাঙ্গেরিয়ান নিউজ পোর্টাল তেলেক্সর তথ্য অনুযায়ী, তিনি তুরস্কের বিখ্যাত ফুটবল ক্লাব বেসিকতাস এবং তুরস্ক জাতীয় দলের একজন কট্টর সমর্থক।
বেসিকতাস ক্লাবের মূল জার্সি ও থিম কালার হলো কালো এবং সাদা। প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই নেজদেত এক বিচিত্র রূপ ধারণ করেন। তিনি তার পুরো মুখমণ্ডল কুচকুচে কালো রঙে রাঙিয়ে নেন, আর কেবল তার চুল ও দাড়িগুলোকে রাঙান ধবধবে সাদা রঙে! কালো-সাদার এই অবিশ্বাস্য কম্বিনেশনের কারণেই গ্যালারিতে তাকে দেখামাত্রই চিনে নেওয়া যায়।
নেজদেত ওলচারম্যান কেবল একজন সাধারণ ফুটবল ভক্তই নন, তার একটি জমকালো অতীতও রয়েছে। তিনি তুরস্কের জাতীয় সামরিক আইন-প্রয়োগকারী সংস্থা তুর্কি জেন্ডারমেরির একজন সাবেক সদস্য।
উদি নেকো গ্যালারিতে ঝড় তুললেও মাঠের ফুটবলে কিন্তু তুরস্কের দিনটি ভালো যায়নি। আরদা গুলারকে নিয়ে ম্যাচের আগে ব্যাপক হাইপ থাকলেও তরুণ তুর্কিদের ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে তুরস্ক বল পজিশনে আধিপত্য দেখালেও অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের ২৭ মিনিটে অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী তরুণ তুর্কি নেস্টোরি ইরানকুন্ডা দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন এবং পরে অজিদের হয়ে মোহাম্মদ তুরে আরেকটি গোল করে তুরস্কের হার নিশ্চিত করেন।
তুরস্কের পরবর্তী ম্যাচের আগে তাই মাঠের ফুটবলে আরদা গুলারদের ঘুরে দাঁড়ানোর মিশন, আর গ্যালারিতে 'উদি নেকো'র নতুন কোনো চমক দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।
এমএমএম/

