দক্ষিণ আমেরিকা বা লাতিন অঞ্চলের ছয় দেশের মধ্যে চারটি এবারের ফিফা বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছে। তবে এখনও মাঠে নামা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়ার। আগামীকাল (বুধবার) সকালে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে আলজেরিয়া ম্যাচ দিয়ে। এর আগে ১৯৭৪ বিশ্বকাপের একটি স্মৃতি উঁকি দিচ্ছে আলবিসেলেস্তেদের সামনে।
চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা লাতিন আমেরিকার চার দেশের কেউই জয়ের মুখ দেখেনি। ব্রাজিল ও উরুগুয়ে ড্র করলেও, হেরে গেছে প্যারাগুয়ে এবং ইকুয়েডর। আর্জেন্টিনা ও কলম্বিয়াও নিজেদের প্রথম ম্যাচে জয় না পেলে ফিরবে ১৯৭৪ বিশ্বকাপের স্মৃতি। ওই আসরে লাতিন চারটি দেশই নিজেদের প্রথম ম্যাচে জয়হীন ছিল। যেখানে শিরোপা উৎসব করে পশ্চিম জার্মানি।
১৯৭৪ আসরে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার সঙ্গে ০-০ সমতায় শেষ করে। আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে হেরে যায় পোল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া পশ্চিম জার্মানির কাছে চিলি ১-০ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে উরুগুয়ে ২-০ ব্যবধানে হেরেছে। ওই আসরে লাতিন দেশগুলো টুর্নামেন্টও শেষ করে অনাকাঙ্ক্ষিত ফল নিয়ে। ব্রাজিল সর্বোচ্চ চতুর্থ স্থান অধিকার করে, তবে আর্জেন্টিনা অষ্টম, চিলি ১৩তম ও উরুগুয়ে ১৯তম হয়ে বিশ্বকাপ শেষ করে।
চলতি আসরে লাতিন দেশগুলোর মধ্যে প্রথম মাঠে নেমেছিল প্যারাগুয়ে। লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা ৪-১ গোলে হেরে যায় এবং ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এরপর ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়েছে, মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর মাঠ ছাড়ে ১-১ গোলের সমতায়। ভালো পারফর্ম করেও সুযোগ কাজে লাগাতে না পারায় ইকুয়েডর শেষ পর্যন্ত আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরে যায়।
বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে নামার আগে সর্বশেষ মাঠে নেমেছে উরুগুয়ে। তারাও প্রথমে পিছিয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে ১-১ গোলের স্কোরশিট এবং হার এড়াতে পেরেছে। এই ফলাফল নিঃসন্দেহে মার্সেলো বিয়েলসার দলের জন্য হতাশাজনক। এর আগে কাতার বিশ্বকাপে এই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা।
এএইচএস

