World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার মিশনে আগামীকাল বুধবার মাঠে নামছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কানসাস সিটির গ্রুপ 'জে'-এর এই উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া। ম্যাচের আগে ফুটবল অ্যানালিটিক্স জায়ান্ট ও অপ্টা সুপারকম্পিউটারের ২৫,০০০ প্রাক-ম্যাচ সিমুলেশনে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।

অপ্টা সুপারকম্পিউটারের ডাটা অনুযায়ী, আর্জেন্টিনার এই ম্যাচটি জেতার সম্ভাবনা ৬৭.৮%। আফ্রিকার দলটির জয়ের সম্ভাবনা মাত্র ১৩%, আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.২%।

গ্রুপ 'জে'-তে অস্ট্রিয়া এবং জর্ডানের চেয়ে অনেক এগিয়ে থেকে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৬৯.২%। তবে আলজেরিয়ারও নক-আউটে যাওয়ার ৫৭.৪% সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি (২৬টি) ম্যাচ খেলার রেকর্ডটি ইতিমধ্যেই লিওনেল মেসির দখলে। আগামীকাল মাঠে নামার সাথে সাথেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অবিস্মরণীয় নজির গড়বেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা (কয়েক ঘণ্টা পর ক্রিশ্চিয়ানো রোনালদোও এই তালিকায় যোগ দেবেন)।

বিশ্বকাপের মঞ্চে এটিই আর্জেন্টিনা ও আলজেরিয়ার প্রথম অফিশিয়াল দেখা। তবে এর আগে ২০০৭ সালের জুন মাসে বার্সেলোনার ক্যাম্প ন্যু-তে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচটি ফুটবল ইতিহাসে এক ক্লাসিক থ্রিলার হিসেবে স্মরণীয়, যেখানে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে জেতাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করেছিলেন তরুণ লিওনেল মেসি।

আর্জেন্টিনা দলে এবার কেবল মেসির ওপর চাপ থাকছে না। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ- উভয়েই বাছাইপর্বে ৪টি করে গোল করে দারুণ ফর্মে আছেন। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার ১৯৫৮-১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারার পর, গত ৩৪ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলহীন থাকেনি আর্জেন্টিনা।

অন্যদিকে, আলজেরিয়া আফ্রিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ২৪ গোল করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তাদের প্রধান চিন্তার কারণ হলো উলফসবার্গের স্ট্রাইকার মোহাম্মদ আমৌরা। বাছাইপর্বে একাই ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দলের মোট গোলের ৫৮% অবদান রেখেছেন তিনি।

এমএমএম/