World Cup Football Field

বিজ্ঞাপন

সমালোচকদের মুখ বন্ধ করতে আমাকে ৮০ বছর খেলতে হতো : এমবাপে

সমালোচকদের মুখ বন্ধ করতে আমাকে ৮০ বছর খেলতে হতো : এমবাপে

সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি ফ্রান্স। বিরতির পর একের পর এক আক্রমণে ঘুরে দাঁড়ায় তারা। দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। তাতে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর ২৭ বছর বয়সী এমবাপে জানিয়েছেন, ‘আমি আমার দেশের জন্য ইতিহাস গড়তে খেলি।’ বিশ্বকাপে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের দিনে ৫৮তম গোলটি করে অলিভিয়ার জিরুদের ৫৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।

ফরাসি পোর্টাল ‘এম ৬’ এমবাপেকে প্রশ্ন করে যে, যারা তার সমালোচনা করেন, তাদের ওপর তিনি কোনো প্রতিশোধ নিতে চান কি না। তার উত্তর ছিল, ‘প্রতিশোধ বলতে কিছু নেই। যারা আমার সমালোচনা করে তাদের মুখ বন্ধ করার জন্য যদি আমি খেলতে শুরু করতাম, তাহলে আমাকে ৮০ বছর বয়স পর্যন্ত খেলতে হতো। আমি খেলি আমার দেশের জন্য ইতিহাস গড়তে এবং আমার দলকে ফাইনালে পৌঁছাতে ও বিশ্বকাপ জিততে সাহায্য করতে। বাকি সবকিছু সবসময় আমি কে এবং একজন খেলোয়াড় হিসেবে আমার ক্যারিয়ারের অংশ হয়েই থাকবে।’

সেনেগালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স এবং বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া থেকে মাত্র ৩ গোল দূরে তিনি। প্রথম ম্যাচে দারুণ কীর্তি গড়ার পরও তিনি স্বীকার করলেন, ফ্রান্স তাদের প্রথম ম্যাচে আরও ভালো খেলতে পারত। প্রথমার্ধে তারা কিছুটা নিষ্প্রাণ ছিল ও সেনেগালের পেনাল্টি বক্সে ঢোকার ক্ষেত্রে তাদের বেশ বেগ পেতে হচ্ছিল।

এমবাপে বলেন, ‘আমার মনে হয় আমরা এখনও আমাদের সেরা ফর্মে পৌঁছাতে পারিনি। তবে যেকোনো প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করাটা সবসময়ই গুরুত্বপূর্ণ; এটি আপনাকে কিছুটা স্বস্তি দেয়, যদিও বিশ্বকাপে আপনি কখনোই পুরোপুরি স্বস্তিতে থাকতে পারবেন না। আমরা অন্য দলগুলোর ক্ষেত্রেও তা দেখেছি; জয় দিয়ে শুরু করা বেশ কঠিন। সব দলই জানে যে বিশ্বকাপ অনন্য। সবাই জিততে চায় এবং নিজের দেশের একটি ভালো ভাবমূর্তি তুলে ধরতে চায়। আজ ম্যাচটি সহজ ছিল না, তবে আমরা জানি যে আমরা যেকোনো মুহূর্তে গোল করে ব্যবধান গড়ে দিতে পারি, এটি আমাদের সাহায্য করে।’

এফএইচএম