গতকাল লিওনেল মেসির হ্যাটট্রিক হলো। আর্জেন্টিনা ফরোয়ার্ডের রেকর্ড ছোঁয়া ষষ্ঠ বিশ্বকাপে খেলরতে নেমে ক্রিশ্চিয়ানো রোনালদোও হয়তো তেমন কিছু করতে চেয়েছিলেন। আজ পর্তুগালের উদ্বোধনী ম্যাচেই গোলদাতার তালিকায় নিজের নাম লেখাতে মরিয়া হয়ে ছিলেন। কিন্তু মাঠে তেমন লক্ষণ দেখা গেল না।
আল-নাসরের এই ফরোয়ার্ড বেশ কয়েকবার লক্ষ্যভ্রষ্ট শট মারেন। গোলপোস্টের সামনে তার স্বভাবসুলভ সেই ধার বা ক্ষিপ্রতার অভাব স্পষ্ট দেখা গেছে।
নামের প্রতি সুবিচার করতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রথমার্ধে মাত্র ১৭ বার বলে পা লাগাতে পেরেছেন তিনি, যা দলের অন্য যে কারও চেয়ে কম। সব মিলিয়ে ২৫ বার, যা তার পুরো ৯০ মিনিট খেলা কোনো আন্তর্জাতিক ম্যাচে সর্বনিম্ন। পুরো ম্যাচ শেষে তার পাস ছিল ২১টি। শট নিয়েছেন তিনটি। এর মধ্যে ৬৮ ও ৭৪ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার শট দুটি ডানপাশের পোস্টের বাইরে দিয়ে যায়।
নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচেও গল্পটা একই রকম ছিল। ওই ম্যাচে রোনালদো বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন। এনিয়ে টানা ১০টি বড় টুর্নামেন্ট (ইউরো/ফিফা বিশ্বকাপ) ম্যাচে পর্তুগালের জার্সিতে গোল করতে ব্যর্থ হলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। এই সময়ে ৩৩ শট নিয়েছেন তিনি, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১১টি।
কোচ রবার্তো মার্তিনেস অবশ্য তাকে খেলিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেই মনে হচ্ছে। তবে রোনালদো যদি এভাবে সুযোগ নষ্ট করতেই থাকেন, তাহলে পর্তুগাল কোচের ওপর চাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
এফএইচএম

