World Cup Football Field

বিজ্ঞাপন

‘আর কোনো কথার প্রয়োজন নেই, মেসিই সেরা’

‘আর কোনো কথার প্রয়োজন নেই, মেসিই সেরা’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো দুর্দান্ত। লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি একাধিক রেকর্ড গড়েছেন। ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন তিনি, তার গুণকীর্তনের খাতায় নাম লিখলেন এবার ইতালিয়ান লিজেন্ড পাওলো মালদিনি।

মেসির চমৎকার পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করলেন ১৯৯৪ সালে ইতালিকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক। সোশাল মিডিয়ায় তিনি একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আর কোনো কথার প্রয়োজন নেই, মেসিই সেরা।’ 

২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় অনুযায়ী ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে।

আর্জেন্টাইন মহতারকার ৩৯ বছর বয়স পূর্ণ হতে আর এক সপ্তাহ বাকি। তার আগেই তিনি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেলেন। এটি বিশ্বকাপে তার সর্বোচ্চ ২৭তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এর আগে আলজেরিয়ার বিপক্ষে একাদশে যুক্ত হতেই তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি।

এফএইচএম