World Cup Football Field

বিজ্ঞাপন

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোতে শান্তি ফিরে আসার প্রার্থনা করছেন ইতিহাস গড়া উইসা

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোতে শান্তি ফিরে আসার প্রার্থনা করছেন ইতিহাস গড়া উইসা

ফিফা বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগালের ১-১ গোলে ড্র করেছে কঙ্গো। কঙ্গোর ফরোয়ার্ড ইয়োয়ান উইসা ফিফা বিশ্বকাপের ইতিহাসে তার দেশের প্রথম গোলটি করেন।

ম্যাচ শেষে তিনি তার নিজ দেশে চলমান সংঘাতের কথা তুলে ধরেন। তার কথা, এই ম্যাচটি কঙ্গোর মানুষের কাছে শুধুই ফুটবলের চেয়েও অনেক বেশি কিছু ছিল।

ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী পর্তুগাল দলের মুখোমুখি হয়ে উইসা জাতীয় দলকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিলেন। বিশ্বকাপ ইতিহাসে তার প্রথম গোলে প্রথমবার পয়েন্ট অর্জন করল কঙ্গো। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি তার উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

উইসা বলেন, ‘এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল, খুবই কঠিন। তবে আজ আমি সত্যিই খুব আনন্দিত। মাঠে দলের লড়াইয়ের মানসিকতার আমি প্রশংসা করি। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছিলাম, তাই আমাদের অনেক চাপ সহ্য করতে হয়েছে। আমি এই মুহূর্তে খুবই উত্তেজিত। এই ফলাফলটি অবিশ্বাস্য। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ ও আমার পরিবারের জন্য অত্যন্ত খুশি।’

তবে ম্যাচের তাৎপর্য নিয়ে জানতে চাইলে উইসা আলাপ তার নিজ দেশের পরিস্থিতির দিকে কথা ঘুরিয়ে নেন। সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোর পূর্বাঞ্চলীয় অঞ্চল ক্রমাগত সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল রয়েছে।

উইসা আরও বলেন, ‘আপনারা জানেন, দেশের পরিস্থিতি খুবই কঠিন। কঙ্গো (ডিআরসি) একটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এটা (ফিফা বিশ্বকাপ এবং এই ম্যাচটি) তাদের কাছে পুরো পৃথিবীর মতো ব্যাপার। মানুষ কেবল সেটাই দেখে যা তারা দেখতে চায়, কিন্তু আমাদের দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং অনেক শক্তিশালী। তাই আমি আন্তরিকভাবেই তাদের জন্য খুশি। আমি কেবল শান্তি ফিরে আসার প্রার্থনা করি এবং আশা করি তাদের জন্য সবকিছু মঙ্গলকর হবে।’

এফএইচএম