২৮ বছর পর বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। অবশ্য তারা মাঠে নামার আগেই ভিন্ন কারণে আলোচনায় ছিল বেশ কয়েকদিন। নরওয়ের ফটোসেশনে ফুটবলাররা ‘ভাইকিংস’ নাবিকদের বেশ ধরেছিলেন। আর তাদের সমর্থকরা যেখানে যাচ্ছেন সেখানেই, ‘ভাইকিং নৌকা বাইচে’র অনুরূপ দৃশ্য ফুটিয়ে তুলছেন। এবার একই দৃশ্য দেখা গেল দেশটির সংসদে।
বোস্টনে ইরাকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলের জিতেছে নরওয়ে। সেই ম্যাচের আগে, খেলার মাঝে এবং পরে লাল পোশাক পরা নরওয়েজিয়ান সমর্থকদের একযোগে বৈঠা চালানোর ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। একযোগে সুরও তুলেছেন কণ্ঠে। তাদের অনেকেই ভাইকিংদের ঐতিহ্যবাহী শিংযুক্ত হেলমেট পরেছিলেন। এর আগে অবশ্য ভাইকিংয়ের বেশ ধরে উদযাপন ও ফটোসেশনকে অনেকেই বাঁকা চোখে দেখেন!
— Men in Blazers (@MenInBlazers) June 18, 2026
তবে তাতে ধার ধারেনি নরওয়ের ফুটবলার কিংবা সমর্থকরা। বোস্টন স্টেডিয়ামের আশপাশের বার, গণপরিবহন এমনকি এসকেলেটরেও তারা একই ভঙ্গিতে ‘নৌকা চালানোর’ ভঙ্গি করেন, যা তাদের সমুদ্রযাত্রায় খ্যাতিমান স্ক্যান্ডিনেভীয় পূর্বপুরুষদের ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও একই দৃশ্যের জন্ম দেন সংসদ অধিবেশনের মাঝে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে স্পিকার সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতি দিয়ে সমর্থকদের সেই বৈঠা চালানোর ভঙ্গি পুনরাবৃত্তি করার প্রস্তাব দেন সদস্যদের। চলমান বিশ্বকাপ অভিযানের প্রতি জাতীয় সমর্থন প্রদর্শনের উদ্দেশে দেওয়া এই আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উৎসাহের সঙ্গে সাড়া দেন, যেখানে বিরল আন্তদলীয় ঐক্য ফুটে ওঠে।
বিশ্বকাপের ‘আই’ গ্রুপে নরওয়ের পরবর্তী ম্যাচ ২৩ জুন সেনেগালের বিপক্ষে। সেই ম্যাচেও জয় তুলে নিয়ে নকআউট পর্বে (রাউন্ড অব থার্টি টু) জায়গা নিশ্চিত করার আশা করছে হালান্ড-বাহিনী।
এএইচএস

