চলমান বিশ্বকাপে যেন ফুটবলারদের ছদ্মবেশে ঘুরে বেড়ানোর ট্রেন্ড চলছে। তবে নরওয়ের হালান্ড যেখানে ক্যাপ-সানগ্লাস পরে সাধারণ মানুষ সেজেছিলেন, সেখানে স্পেনের সেন্ট্রাল ফরোয়ার্ড বোর্হা ইগলেসিয়াস কোনো ছদ্মবেশ ছাড়াই পড়লেন চরম বিপাকে। টিম হোটেলে ঢুকতে গেলে তাকে আটকে দেন সিকিউরিটি গার্ড।
কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পেনের ফুটবলারদের একদিনের ছুটি দিয়েছিলেন। সেই ছুটির দিনে আমেরিকার টেনেসির চ্যাটানুগা শহর ঘুরে প্রেমিকা মারিয়া ভালেরোকে নিয়ে যখন ইগলেসিয়াস স্পেনের টিম হোটেলে ফিরলেন, তখন সিকিউরিটি তাকে চিনতেই পারল না!
ক্যামেরায় ধরা পড়া সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইগলেসিয়াস যখন অ্যাম্বাসি সুইটস বাই হিলটন হোটেলের গেটে আসেন, তখন নিরাপত্তারক্ষীরা তার পথ আটকে দাঁড়ায়। নিজের দেশের টিম হোটেলে ঢুকতে না পেরে বেড়ার ওপাশ থেকে ইগলেসিয়াস ভাঙা ভাঙা ইংরেজিতে বলতে থাকেন, ‘আমি জাতীয় দলের খেলোয়াড়। আমার ভেতরে যাওয়া দরকার।’

কিন্তু আমেরিকান সিকিউরিটি অফিসারদের মন গলেনি। উল্টো তারা প্রশ্ন ছুড়ে দেয়, ‘আপনার কাছে কোনো পাস আছে? আপনি কি সত্যিই খেলোয়াড়?’
পরিস্থিতি দেখে সেখানে উপস্থিত স্প্যানিশ সাংবাদিক এবং ভক্তরা চিৎকার করে বলতে থাকেন, আরে উনি স্পেনের ন্যাশনাল টিমের প্লেয়ার! কিন্তু কন্ট্রোল রুম থেকে আবারও গম্ভীর প্রশ্ন আসে- ‘আপনার নাম কী?’ সেল্টা ভিগোর এই স্ট্রাইকার তখন অসহায় মুখে জবাব দেন- ‘বোর্হা ইগলেসিয়াস!’
বেশ কিছুক্ষণ এই হাস্যকর জটলা চলার পর, যখন কোনোভাবেই সিকিউরিটিকে বোঝানো যাচ্ছিল না, তখন বাধ্য হয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করেন ইগলেসিয়াস। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিশিয়ালদের কল করে ঘটনা জানানোর পর ভেতর থেকে লোকজন এসে উদ্ধার করেন এই ফরোয়ার্ডকে।
এমএমএম/

