নেইমারকে খেলানোর জন্যই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলন কার্লো আনচেলত্তি। কিন্তু সবশেষ পাওয়া চোটের কারণে মরক্কোর বিপক্ষে ছিলেন না তিনি। আগামীকাল হাইতির বিপক্ষেও তাকে দেখা যাবে না। ধারণা করা হচ্ছে, নকআউট পর্বের আগে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতার মাঠে নামা হচ্ছে না। নেইমারের না থাকার খবর ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলেও হাইতির জন্য দারুণ খবর। তাদের কোচ সেবাস্তিয়েন মিগনের মনে রোমাঞ্চ কাজ করছে।
ব্রাজিলের বিপক্ষে হার কোনোভাবেই বরণ করতে চান না হাইতি কোচ। আর নেইমার না থাকায় সেই কাজ করা সহজ হবে মনে করেন মিগনে। কারণ নেইমার ছাড়া ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে তার।
গত বিশ্বকাপে তিনি ক্যামেরুনের সহকারী কোচ ছিলেন। ডাগআউটের পাশ থেকে দেখেছেন তার দলকে ব্রাজিলের বিপক্ষে জিততে দেখেছেন। সেই ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না নেইমার।
মিগনে বললেন, ‘আমি একটি লক্ষণ দেখতে পাচ্ছি, চার বছর আগে, যখন আমি ক্যামেরুনের কোচিংয়ে ছিলাম। নেইমার খেলেনি ওই ম্যাচে। আমি মনে করতে পারছি না কেন, সেটা কি নিষেধাজ্ঞা নাকি ইনজুরির কারণে, তাই আমি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগের সুবিধা নিতে চেষ্টা করব।’
হাইতির লক্ষ্য পরের রাউন্ডে ওঠা এবং দেশের মানুষকে খুশির উপলক্ষ এনে দেওয়া। মিগনে বললেন, ‘সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে ছিলাম। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করব। এখন আমাদের এই উপলক্ষ তৈরি করতে হবে কারণ হাইতিয়ান ভক্তরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার খেলোয়াড়দেরও এই বার্তা দিতে চাই। আমি আশা করি আমরা হাইতিয়ানদের তাদের দল নিয়ে গর্ব করতে পারব। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ভাবমূর্তি তৈরি করেছিলাম। কালকে ম্যাচ হবে আরও ভালো, আমরা কী করতে পারি সেটা দেখানোর সুযোগ।’
এফএইচএম

