মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের কৌশলের পুনরাবৃত্তি না করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান জাতীয় দল। তবে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দলে নেইমারকে তো রাখেইনি, ফিলাডেলফিয়াতেও নিয়ে যায়নি তারা। ১০ নম্বর জার্সিধারী এখনও নিউ জার্সিতে ব্রাজিলের হোটেল দ্য রিজেই আছেন। কেন তাকে দলে রাখল না, সেটার ব্যাখ্যা সম্ভবত আছে।
দল ইতোমধ্যে ফিলাডেলফিয়ায় পৌঁছে গেছে। নিউ জার্সির তুলনায় সেখানে ট্রেনিং ও ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বেশ অপ্রতুল। কেবল গণমাধ্যমে কথা বলা, বিশ্রাম ও ম্যাচ খেলতে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই।
যদি দলের সঙ্গে সেখানে যেতেন, তবে নেইমারের বিকেলটা শুধু শুধু নষ্ট হতো। এমনকি আগামীকাল যে ট্রেনিং সেটাও করতে পারতেন না। নিউ জার্সিতে খেলোয়াড়দের জন্য রয়েছে বেশ উচ্চমানের সুযোগ সুবিধা।
নির্বাচক কমিটির মূল্যায়ন অনুযায়ী, এক্ষেত্রে নেইমারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া অর্থহীন হতো। তাছাড়া তিনি সেরে ওঠার একেবারে চূড়ান্ত পর্যায়ে। প্রতিদিন তিনি মাঠে ও ট্রেনিংয়ে দুই সেশনে কাজ করছেন। পেশির শক্তি ফিরে পেতে ও শারীরিক অবস্থার উন্নতিতেই পুরো মনোযোগ তার।
দল যখন ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে, তখন নেইমার বিকেলের অনুশীলনে ব্যস্ত। আগামীকাল সকাল ও বিকেলেও অনুশীলন করবেন।
যদিও নিউ জার্সিতে অনুশীলন শেষে চাইলে দুই ঘণ্টার পথ অতিক্রম করে স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারতেন নেইমার। এতে কোনো ধরনের কড়াকড়ি কিংবা বারণ নেই। কিন্তু তেমন কিছু হচ্ছে না। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও খেলার সম্ভাবনা হয়তো নেই, কিন্তু নকআউটে উঠলে যেন শতভাগ ফিট থাকতে পারেন, সেই চেষ্টা করে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা।
এফএইচএম

