World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল-হাইতি ম্যাচও ড্র হলে যে সমীকরণ দাঁড়াবে

ব্রাজিল-হাইতি ম্যাচও ড্র হলে যে সমীকরণ দাঁড়াবে

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শক্তিশালী দুই দল ব্রাজিল ও মরক্কো। মুখোমুখি লড়াইয়ে তারা ১-১ গোলে ড্র করেছিল। ওই গ্রুপে এভাবে আবারও পয়েন্ট ভাগাভাগি হলে সমীকরণ কিছুটা জটিল হয়ে উঠতে পারে। শনিবার ভোরে মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। ম্যাচটি ড্র হলে নকআউটে যেতে কিছুটা কাঠখোট্টা পোহাতে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

হাইতির বিপক্ষে ড্র করলে ব্রাজিলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট হবে মাত্র ২। সেক্ষেত্রে শেষ গ্রুপ ম্যাচে কোনো ধরনের ভুলের সুযোগ থাকবে না এবং কার্লো আনচেলত্তির দল চাপে পড়ে যাবে। এ ছাড়া পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচের ফলাফলের ওপর। 

মরক্কোর বিপক্ষে যদি স্কটল্যান্ড জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৬ এবং তারা আগেভাগেই রাউন্ড অব থার্টি টু (৩২) নিশ্চিত করবে। অন্যদিকে, ব্রাজিল দ্বিতীয় রাউন্ড শেষে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় স্থানে থাকবে।

হাইতির সঙ্গে ড্র হলে সম্ভাব্য পয়েন্ট তালিকা

স্কটল্যান্ড– ৬ পয়েন্ট
ব্রাজিল– ২ পয়েন্ট
মরক্কো– ১ পয়েন্ট
হাইতি– ১ পয়েন্ট

গ্রুপের শেষ ম্যাচে যা করতে হবে ব্রাজিলকে

এই পরিস্থিতিতে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোই হবে ব্রাজিলের সরাসরি পরবর্তী পর্বে ওঠার একমাত্র নিশ্চিত উপায়। আবার যদি স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে, তাহলে ব্রাজিল সরাসরি পরের রাউন্ডে উঠতে পারবে শুধুমাত্র তখনই, যখন গ্রুপের অন্য ম্যাচে মরক্কো-হাইতি ম্যাচও ড্র হবে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ নিশ্চিত

অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে হারলে পরিস্থিতি আরও জটিল হবে। তবুও মরক্কো ও হাইতির ম্যাচ ড্র হলে ব্রাজিলের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে ব্রাজিল, মরক্কো ও হাইতি– তিন দলই ২ পয়েন্ট করে নিয়ে শেষ করবে এবং তৃতীয় স্থানের লড়াই নির্ধারিত হবে প্রতিযোগিতার টাইব্রেকার নিয়ম অনুযায়ী।

গ্রুপ ‘সি’-এর বর্তমান অবস্থান

স্কটল্যান্ড– ৩ পয়েন্ট
মরক্কো– ১ পয়েন্ট (ফেয়ার প্লে মানদণ্ডে সাময়িকভাবে এগিয়ে)
ব্রাজিল– ১ পয়েন্ট
হাইতি– ০ পয়েন্ট

Image

গ্রুপপর্ব থেকে পরের রাউন্ডে যাবে যারা

টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৩২টি দল গ্রুপপর্ব পেরিয়ে নকআউট পর্বে (রাউন্ড অব থার্টি টু) উন্নীত হবে। এর মধ্যে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ মিলিয়ে ২৪ দল সরাসরি নকআউটে উঠবে, এ ছাড়া সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দলও পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে। জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট এবং হারের জন্য ০ পয়েন্ট দেওয়া হয়। দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে ক্রমানুসারে নিচের টাইব্রেকার প্রয়োগ করা হবে– গোল ব্যবধান, মোট গোলসংখ্যা এবং মুখোমুখি লড়াইয়ের ফল। 

এএইচএস