ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে গত বছর নিজেদের জালেই (আত্মঘাতী) জোড়া গোল করেছিলেন সোয়ানসিয়া সিটির ফুটবলার ক্যামেরন বার্গেস। অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার নিজের দেশকে একই বিপদে ফেললেন ফিফা বিশ্বকাপেও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই আত্মঘাতী গোল বার্গেসকে পুনরায় আলোচনায় এনেছে।
তুরস্কের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল সকারুজরা। অস্ট্রেলিয়া এবার সিয়াটলে মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। যেখানে মাত্র ১১ মিনিটেই সকারুজরা পিছিয়ে পড়ে নিজেদের ডিফেন্ডার বার্গেসের আত্মঘাতী গোলে। বল বাঁচাতে গোলরক্ষক সামনে এগিয়ে যাওয়ার পর মার্কিন ফুটবলার শট নেন। যা গোলমুখে থাকা বার্গেসের মাথায় লেগে জড়ায় অস্ট্রেলিয়ার জালে। পরে অ্যালেক্স ফ্রিম্যান গোল করে যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেন।
অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের এমন দুর্ভাগ্যজনক ঘটনা তার ক্যারিয়ারে এই প্রথম নয়। গত বছরও একই ধরনের ভুল করেছিলেন সোয়ানসিয়া সিটির এই ডিফেন্ডার। তখন এক ম্যাচে নিজের সাবেক ক্লাব ইপচউইচ টাউনের বিপক্ষে খেলতে নেমে তিনি একবার নয়, দু’বার আত্মঘাতী গোল করেছিলেন। চরম দুর্ভাগ্যের সেই ম্যাচে বার্গেসের দুটি আত্মঘাতী গোলের কারণে ম্যাচটি ৪-১ ব্যবধানে হেরে যায় সোয়ানসিয়া সিটি।
পরবর্তীতে সমর্থকদের উদ্দেশে এক বার্তায় নিজের ভুল স্বীকার করে বার্গেস বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি আপনাদের সমালোচনা শুনি এবং কোনো অজুহাত দিতে চাই না। বিশ্বাস করুন আমিই আমার সবচেয়ে বড় সমালোচক। মাঠে নিজের পারফরম্যান্সের মাধ্যমে এই ভুল শুধরে নেওয়াই আমার একমাত্র লক্ষ্য।’
তার এই বক্তব্য সমর্থকদের কাছে দায়িত্বশীলতা ও আত্মসমালোচনার একটি উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছিল। কিন্তু এবার জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের মতো বড় মঞ্চেও একই ভুলে পুনরাবৃত্তি করলেন বার্গেস।
এএইচএস

