World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল প্রেসিডেন্টের হাস্যরস

‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার’

‘বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার’

নেইমার জুনিয়র কবে ব্রাজিলের জার্সিতে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামবেন সেই প্রশ্নের উত্তর অনিশ্চিত। তবে তিনি মাঠে ফেরার লক্ষ্যে কঠোর পুনর্বাসন কার্যক্রম মেনে চলছেন। এরই মাঝে দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই গোলদাতাকে নিয়ে কৌতুকে মেতেছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তার মতে– ‘নেইমার বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার’!

ব্রাজিলের বেলো হরিজোন্তের এক সরকারি অনুষ্ঠানে একটি শিশু নেইমারের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বিশ্বকাপে তার উজ্জ্বল পারফরম্যান্স দেখার আশা প্রকাশ করে। যার জবাবে প্রেসিডেন্ট লুলা মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না। নেইমার বিশ্বের প্রথম হোম-অফিসে থাকা ফুটবলার, যাকে দলে ডাকা হয়েছে।’

পরে তিনি এ কথার ব্যাখ্যায় বলেন, ‘হোম-অফিস ফুটবলার’ মন্তব্যটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা একটি বার্তা থেকে নিয়েছেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রশংসা করে ফুটবলপ্রেমী এই প্রেসিডেন্ট বলেন, ‘এভাবে চলতে থাকলে একদিন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি দল বানাব, যেখানে ১১ জন পেলে থাকবে।’

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হয়েছে, যেখানে ১-১ গোলে ড্র নিয়ে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে। এর আগে লুলা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সেলেসাও কোচ কার্লো আনচেলত্তিকে অনুরোধ জানিয়ে বলেন, তার খেলোয়াড়দের যেন ‘হৃদয় দিয়ে’, ‘লড়াকু মানসিকতা নিয়ে’ এবং ‘জনগণের কথা মাথায় রেখে’ খেলতে উদ্বুদ্ধ করেন।

পরবর্তীতে ব্রাজিল-মরক্কো ম্যাচ ড্র এবং আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ের পর আবারও রসিকতা করেন লুলা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ব্রাজিলের পরের ম্যাচের জন্য আপনারা কী ভবিষ্যদ্বাণী করছেন? (হাইতির বিপক্ষে)...আমি ভাবছিলাম, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে দলে ভেড়ানো যায় কি না!’

গত কয়েক মাস ধরে একাধিক চোটে ভোগা নেইমারকে কোচ আনচেলত্তি বিশ্বকাপ দলে ডাকলেও তিনি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি। এমনকি হাইতির বিপক্ষে ম্যাচের জন্যও তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাননি। যা নিয়ে এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানায়, ‘পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপকে আরও কার্যকর করতে নেইমার নিউজার্সিতেই অবস্থান করবেন।’

এএইচএস