লিওনেল মেসির নাম শুনলে যে কোনো কোচের চোখ উজ্জ্বল হয়ে ওঠার কথা। বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এবারও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটাও এখন তার দখলে। কিন্তু স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের পছন্দের আর্জেন্টাইন ফুটবলার যদি বেছে নিতে বলা হয়, তাহলে তালিকার শীর্ষে থাকবেন না মেসি। স্পেন কোচের পছন্দ হুলিয়ান আলভারেজ।
সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তার বিশ্বাস, আলভারেজের খেলার ধরন স্পেনের দর্শনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যেত।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাসো দে কোপে–কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার দলের খেলার ধরনে সে (আলভারেজ) দারুণ মানিয়ে যেত। সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারত।’ শুধু প্রশংসাতেই থামেননি স্পেন কোচ। আলভারেজকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও স্পষ্ট করে বলেছেন, ‘আমার কাছে ব্যাপারটা দারুণ মনে হয়।’
দে লা ফুয়েন্তের এমন মন্তব্য অবশ্য হঠাৎ করে আসেনি। ইউরোপিয়ান ফুটবলে গত কয়েক মাস ধরে আলভারেজকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। তাকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই আগ্রহী বার্সেলোনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু আতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিতে সময় নেয়নি।
বার্সেলোনার মতোই আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদও। স্প্যানিশ ও ইউরোপীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, রিয়াল ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত ছিল। কিন্তু আতলেতিকোর অবস্থান স্পষ্ট—আলভারেজকে চাইলে গুনতে হবে তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ।
ইউরোপের দুই জায়ান্ট ক্লাবের আগ্রহ, প্রতিপক্ষ জাতীয় দলের কোচের প্রকাশ্য প্রশংসা এবং সতীর্থদের উচ্চ মূল্যায়ন—সব মিলিয়ে আলভারেজকে ঘিরে প্রত্যাশার পারদ যে ক্রমেই চড়ছে, সেটি স্পষ্ট।
এইচজেএস

