সকাল থেকে নিউইয়র্কের আকাশ গোমরামুখো। দুপুরের পর থেকে বৃষ্টি। এরপরও রেইন কোর্ট, ছাতা নিয়ে নরওয়ে-সেনেগাল সমর্থকরা যথাসময়ে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে হাজির হয়েছেন।
নিউজার্সি স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের মধ্যে ৭০ শতাংশের বেশি নরওয়ের। তারা লাল রঙের হোম জার্সি পরে দলকে সমর্থন জানান। খেলা শুরুর পর পর হাততালি দিয়ে, ‘নরওয়ে, নরওয়ে’ স্লোগানে মুখরিত নিউজার্সি স্টেডিয়াম। স্লোগানের সময় দুই হাত সবাই একই ছন্দে সামনে সমানতালে রাখেন।

গ্যালারির এক অংশে যখন নরওয়ের হাততালি চলে। সেটা থামলে অন্য অংশে আবার অন্য গান। নরওয়ে সমর্থকের এই অসাধারণ সমন্বয় ছিল দেখার মতো। সাধারণত প্রেস বক্স কাঁচে ঘেরা হলেও বিশ্বকাপের অনেক ভেন্যুতে দর্শকদের মাঝেও সাংবাদিকদের আসন দেয় ফিফা। যেন ম্যাচ কাভারের সুযোগ থেকে বঞ্চিত না হয়। এতে মিডিয়ার সাধারণ অনেক সুবিধা না থাকলেও এ রকম রোমান্স পাওয়া যায়।
সেনেগাল গ্যালারিতে নরওয়ের চেয়ে সংখ্যায় অনেকটা পিছিয়ে। এরপরও মাঠে দাপট দেখিয়ে চলছে। আক্রমণের সময় সেনেগালের সমর্থকরাও গর্জে উঠছেন। বিশ্বকাপ ফুটবলে এটাই সৌন্দর্য।
এজেড/এফএইচএম

