বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তার আগে সেলেসাওদের জার্সি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে। ফিফার পূর্ব ঘোষণা অনুযায়ী, আসন্ন ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক লাল জার্সি পরে খেলার কথা ছিল। তবে সে সিদ্ধান্ত থেকে এবার সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অ্যালিসন বেকার, এদেরসন ও ওয়েভেরটনরা সবুজ রঙের জার্সি, শর্টস ও মোজা পরেই খেলবেন বলে জানিয়েছে ফিফা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
বিশ্বকাপ শুরুর আগে টুর্নামেন্টটিতে অংশ নেওয়া দলগুলোর কিটের যে তালিকা প্রকাশ করেছিল ফিফা, সেখানে গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের গোলরক্ষকদের জন্য লাল রঙের পোশাক দেখানো হয়েছিল। তবে শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে আসল তারা।
এদিকে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জাতীয় দলের গোলরক্ষকদের জন্য লাল রঙের কোনো জার্সিই নেই। এমনকি ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও গোলরক্ষকদের জন্য কেবল সবুজ রঙের জার্সি পাওয়া যাচ্ছে। এর একটি নাইকির নিজস্ব সংস্করণ, অন্যটি জর্ডান ব্র্যান্ডের।

বিশ্বকাপে কোন দল কোন রঙের পোশাক পরে খেলবেন, তা সাধারণত আগেভাগেই নির্ধারণ করে ফিফা। অংশগ্রহণকারী দলগুলো জমা দেওয়া কিটের তালিকার ভিত্তিতে ফিফা ইউনিফর্ম নির্বাচন করে। তবে ম্যাচ সমন্বয় সভায় প্রয়োজন হলে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা যায়।
লাল রঙের জার্সি নিয়ে ব্রাজিলে বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছর ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়দের জন্য জর্ডান ব্র্যান্ডের অধীনে লাল জার্সি তৈরির পরিকল্পনা করেছিল নাইকি। তবে সিবিএফ সভাপতি সামির জাউদের হস্তক্ষেপে সেই প্রকল্প বেশিদূর এগোতে পারেনি।
সে সময় জাউদ বলেছিলেন, “অনেকে বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখেছেন। কিন্তু আমি দেখেছি ব্রাজিলের পতাকার রঙের দিক থেকে। নীল, হলুদ, সবুজ ও সাদা-এগুলোই আমাদের জাতীয় পতাকার রঙ এবং জাতীয় দলের জার্সিতেও সেই ঐতিহ্য থাকা উচিত। আমি লাল জার্সির বিপক্ষে ছিলাম, রাজনৈতিক কারণে নয়; বরং ব্রাজিলের পরিচয়ের কারণে। উৎপাদন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমি নাইকির সঙ্গে জরুরি বৈঠক করে তা বন্ধ করতে বলি।” প্রসঙ্গত, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাম দলের পতাকার রঙ লাল হওয়ায় এবং ব্রাজিলের ঐতিহ্যগত রঙ হলুদ হওয়ায় লাল রঙ নিয়ে অনেকেরই আপত্তি ছিল।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়রা ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরবেন। অন্যদিকে গোলরক্ষকদের পোশাক হবে পুরোপুরি সবুজ।
এফআই

