অস্ট্রিয়ার বিপক্ষে মাঠের খেলা দিয়ে যখন বিশ্বকাপে ইতিহাস গড়লেন লিওনেল মেসি, তখন গ্যালারিতে রাতের অন্যতম অবিস্মরণীয় এক দৃশ্য আলোচনায়।
ডালাসে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল। ম্যাচে যখন সবাই মেসির পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ, তখন অফিসিয়াল ব্রডকাস্টারের ক্যামেরার ফ্রেমে এলেন এক ১০০ বছর বয়সী নারী। তার গায়ে ছিল বিখ্যাত নীল ও সাদা জার্সি। আর্জেন্টিনা অধিনায়কের উদ্দেশ্যে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি, যেখানে লেখা, ‘আমার বয়স ১০০ বছর এবং আমি একজন মেসি ভক্ত।’
সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ঝড় তোলে। মেসির বিশ্বকাপে রেকর্ড গোলের দিনে অনেকের মনে প্রশ্ন ওঠে, ‘সবার নজর কেড়ে নেওয়া এই বয়স্ক সমর্থক আসলে কে?’
তার নাম পলিন কানা, অনলাইনে যিনি লাখো ভক্তের কাছে ‘গ্র্যানি স্মিথ’ কিংবা ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে পরিচিত। তিনি একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর। তার নাতি রস স্মিথের সঙ্গে কমেডি ভিডিও, স্ট্যান্টস ও ভাইরাল স্কেচের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
— MessiXtra (@MessiXtraHQ) June 22, 2026
মেসির প্রতি পলিনের এই ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচগুলোতেও তিনি ভিন্ন ভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাজির হতেন।
পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বের একটি ম্যাচে তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ পিএসজির বিপক্ষে মায়ামির শেষ ষোলোর ম্যাচে লিখেছিলেন, ‘মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র।’
মজার ব্যাপার হলো, ওয়ার্ম-আপের সময় বিষয়টি মেসির নজরে এলে তিনি হেসে এই শতবর্ষী ভক্তের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন।
এফএইচএম

