World Cup Football Field

বিজ্ঞাপন

একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়াম বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুধু নকআউট পর্বে ওঠাই নয়, গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করাও কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান ৪ পয়েন্ট মরক্কোরও, তবে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল (+৩)। 

গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে আছে তিন দলই। আজই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ। কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে। গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে মরক্কো বনাম হাইতি ম্যাচ শেষে। একই দিন একই সময়ে হবে ম্যাচটি। টাইব্রেকিং নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড, গোল পার্থক্য ও গোল সংখ্যা বিবেচনা করা হবে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসতে পারে। ঊরুর পেশির চোটের কারণে খেলতে পারবেন না রাফিনহা। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো পাচ্ছি।’

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে রায়ানকে ঝালিয়ে নিয়েছেন আনচেলত্তি। লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কিই। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করতে রায়ানের ওপর দারুণ আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরু।

এদিকে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর হচ্ছে, স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। ১০ নম্বর জার্সিধারী এই তারকা আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এ পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮ বার জিতেছে ব্রাজিল, বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলকে হারাতে পারেনি। বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে দুই দলের। সেখানে ব্রাজিলের জয় তিনটি, একটি ম্যাচ ড্র।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

এফআই