World Cup Football Field

বিজ্ঞাপন

মেসির জন্মদিনে আর্জেন্টিনাজুড়ে ভক্তদের ব্যতিক্রমী উদ্যোগ

মেসির জন্মদিনে আর্জেন্টিনাজুড়ে ভক্তদের ব্যতিক্রমী উদ্যোগ

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমে মাঠ ও বাইরে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আজ (বুধবার) তিনি ৩৯ বছর বয়সে পা রাখলেন। বিশ্বজুড়ে ফুটবলভক্তরাও তার এই বিশেষ দিন আড়ম্বরের সঙ্গে পালন করছে। ব্যতিক্রমী আয়োজনে ১০ নম্বর জার্সিধারী এই জাদুকরের জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টিনার মানুষরা।

আর্জেন্টিনাজুড়ে মানুষ রাস্তায় নেমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রিয় ফুটবলারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ‘কোম্পলে-লিও’ (লিও’র জন্মদিন) হ্যাশট্যাগ দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল টেলেফে একটি প্রচারণা চালু করে। যেখানে স্থানীয় সময় সকাল ১০টা ও রাত ১০টায় মেসিকে ‘হ্যাপি বার্থডে’ গান গাওয়ার আহ্বান জানানো হয় আর্জেন্টাইনদের। যা তাদের অধিনায়কের ১০ নম্বর জার্সির প্রতি ইঙ্গিত করে।

আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে বন্ধুরা বিভিন্ন দলে ভাগ হয়ে, আবার জিমে উপস্থিত মানুষ, স্কুলের শিক্ষার্থী, দোকানের কর্মচারী এবং প্রতিবেশীরা দেশের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা ছড়িয়ে দেন। বুয়েনস আয়ার্সের এক এলাকায় একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের কর্মীরা এক বার্তায় বলেন, ‘এত আনন্দ দেওয়ার জন্য এবং সর্বোচ্চ পর্যায়ে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ জন্মদিন, চ্যাম্পিয়ন!’

আরেকদল সমর্থক রাজধানী বুয়েনস আয়ার্সের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ওবেলিস্কে জড়ো হন। সেখানে ৭১ বছর বয়সী রুবেন অ্যাকোস্তা রয়টার্সকে বলেন, ‘আমি আজ সকাল ৬টা থেকেই এখানে আছি। আমি মেসিকে ভালোবাসি। সে ভিনগ্রহের মানুষ। মেসি, তোমার মতো আর কেউ নেই। তুমি এই গ্রহের নও। তুমি অন্য কোনো গ্যালাক্সি থেকে এসেছ।’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে-ও তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মেসিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন L10NEL...!!! চলো আর্জেন্টিনা...!!!’

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আলবিসেলেস্তে তারকা তাদের সর্বশেষ অস্ট্রিয়া ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮) রেকর্ড গড়েন। চলতি আসরের দুই ম্যাচে ৫ গোল করেছেন মেসি। দলের এই প্রাণভোমরাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি সংক্ষেপে বলেন, ‘সে যেন সুখী থাকে।’

এএইচএস