World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ নিয়ে মেসির এক মন্তব্য যেভাবে জল্পনা উস্কে দিলো

বিশ্বকাপ নিয়ে মেসির এক মন্তব্য যেভাবে জল্পনা উস্কে দিলো

বয়সটা ৩৮ পেরিয়ে ৩৯ ছুঁয়েছে। গতকাল ছিল লিওনেল মেসির জন্মদিন। বিশ্বকাপের তুমুল ব্যস্ততার মাঝেও মহাতারকার জন্মদিন ঘিরে নানা আয়োজন ছিল। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন যেন। অনেকের মতে, সম্ভবত শেষ বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন এই তারকা। তবে সম্প্রতি তার এক মন্তব্য আরেকটি বিশ্বকাপে খেলার জল্পনা আরও উস্কে দিলো যেন। 

কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, চলমান বিশ্বকাপে যেন সেখান থেকেই শুরুটা করলেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার জালে আরও দুটি গোল। দুই ম্যাচেই পাঁচ গোল করে ১৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, চলমান বিশ্বকাপেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের মালিক মেসি। 

অথচ কে বলবে, বয়সটা ৩৯ ছুঁয়েছে। বয়স যেন তাকে স্পর্শই করতে পারছে না। অস্ট্রিয়া ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এত কিছু অর্জনের পর তার অনুভূতি কী? মেসির উত্তর ছিল অনেকটা সংযত, ‘সত্যি বলতে আমি এসব ভেবে খেলি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি, প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

এরপরই ঘুরেফিরে আসে মূল প্রশ্নটা। ৪২ বছর বয়সে সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে কি? কয়েক সপ্তাহ আগেও যে সম্ভাবনাকে একরকম উড়িয়ে দিয়েছিলেন মেসি, এবার কিন্তু পুরোপুরি না বলেননি। হেসে বলেন, ‘পরে দেখা যাবে কী হয়।’

মাত্র কয়েকটি শব্দ। কিন্তু তাতেই শুরু হয়ে গেছে জল্পনা। কারণ কিছুদিন আগেই মেসি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘না, না, অবশ্যই না।’ সেই অবস্থান থেকে সরে এসে ‘দেখা যাবে’ বলা ভক্তদের কাছে নতুন বার্তা। অবশ্য মেসি বরাবরই ভবিষ্যৎ নিয়ে এমনই। ২০২২ বিশ্বকাপ জয়ের পরও তিনি নিশ্চিত ছিলেন না ২০২৪ সালের কোপা আমেরিকা কিংবা ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত খেলেছেন, জিতেছেন এবং ইতিহাসও গড়েছেন।

ইতিমধ্যে তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬ টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন। এ ছাড়া সবচেয়ে বেশি গোল (১৮), সবচেয়ে বেশি জয় (১৮), সবচেয়ে বেশি ম্যাচ (২৮) এবং সবচেয়ে বেশি মিনিট (২,৪৮৯) খেলার রেকর্ডও এখন তার দখলে।

তবে বাস্তবতা হচ্ছে ২০৩০ বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। মেসির বয়সটাও তখন চল্লিশ ছাড়িয়ে যাবে। কিন্তু বর্তমান ফর্মের এই মেসিকে দেখে কে বাজি ধরবে যে সে খেলবে না? সময়ই বলে দেবে। 

এফআই