World Cup Football Field

বিজ্ঞাপন

নেইমারের ফেরা নিয়ে কি বিরক্ত ছিলেন ডেভিড আনচেলত্তি? মুখ খুললেন স্ত্রী

নেইমারের ফেরা নিয়ে কি বিরক্ত ছিলেন ডেভিড আনচেলত্তি? মুখ খুললেন স্ত্রী

৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের গ্রুপপর্বে সেলেসাওদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিটে তিনি মাঠে বদলি নামেন। যার মাঠে ফেরা নিয়ে ভক্ত ও সতীর্থদের মাঝে তুমুল উন্মাদনা, সেই নেইমারের মাঠে নামার সময়ে কি বিরক্ত ছিলেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি? এমন ধারণার বশবর্তী হয়ে তাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে এক দল ব্রাজিলিয়ান।

বিশ্বকাপে ব্রাজিলের সহকারী কোচের দায়িত্বে আছেন ডেভিড আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গুছিয়ে ওঠার নেপথ্যে তার ভূমিকার কথাও আলোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তবে ডেভিড নেইমারের প্রত্যাবর্তন ঘিরে বিতর্কের মুখে পড়েছেন। বলা হচ্ছে– নেইমার মাঠে নামার সময় তার অভিব্যক্তি ঠিক ইতিবাচক ছিল না। এমন ব্যাখ্যা দাঁড় করিয়ে আক্রমণও চলছে সামাজিক মাধ্যমে, এমন অবস্থায় মুখ খুলেছেন ডেভিডের স্ত্রী আনা গালোচা।

গালোচা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নেইমার মাঠে নামার সময় ডেভিড আনচেলত্তির একটি অঙ্গভঙ্গিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যাকে কেন্দ্র করে তিনি ব্রাজিলিয়ান সমর্থকদের কাছ থেকে ব্যাপক আক্রমণ ও অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছেন। ম্যাচ চলাকালের একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি মাথা নাড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে নেইমারের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছেন।

তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র ভাষ্যমতে– ডেভিডের ওই অঙ্গভঙ্গি নেইমারকে উদ্দেশ্য করে ছিল না। বরং তিনি তার পাশে বসা সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে কথোপকথনের অংশ হিসেবে মাথা নাড়ছিলেন। এ ঘটনার পর ডেভিডের স্প্যানিশ স্ত্রী আনা গালোচা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আপনারা কি জানেন যে একটি দৃশ্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই? আর এর কারণেই আজ সকাল থেকে আমি অসংখ্য অপমানজনক বার্তা পাচ্ছি। আমরা সবার আগে চাই ব্রাজিল জিতুক।’

যে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি ‘দ্য ওয়ার্ল্ড অব দ্য বল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা হয়, ‘কার্লো আনচেলত্তির ছেলে নেইমার মাঠে নামার নির্দেশনা পাওয়ার সময় বিরক্তমুখে মাথা নেড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান।’

dhakapost
ডানে ডেভিড আনচেলত্তি ও স্ত্রী আনা গালোচা

তবে সম্পূর্ণ ভিডিওতে দেখা যায়, পরবর্তীতে ডেভিড উঠে দাঁড়িয়ে নেইমারকে শুভেচ্ছা এবং মাঠে নামার আগে তাকে অভিবাদন জানান। ডেভিড আনচেলত্তি দীর্ঘদিন ধরে তার বাবা কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করছেন। ২০২৫ সালে তিনি প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, যখন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটির ক্লাব বোটাফোগো’র কোচ ছিলেন। বিশ্বকাপ শেষে ফরাসি ক্লাব লিলে’র দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এএইচএস