World Cup Football Field

বিজ্ঞাপন

নিউজার্সিতে জার্মানির ম্যাচে আরেক ‘হলুদ’ ঢেউ

নিউজার্সিতে জার্মানির ম্যাচে আরেক ‘হলুদ’ ঢেউ

বিশ্বকাপের প্রতি ম্যাচেই টিকিটের অনেক চাহিদা থাকে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির ম্যাচ হলে তো কথাই নেই। আজ (বৃহস্পতিবার) নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ইকুয়েডরের বিপক্ষে খেলছে। নিউজার্সি স্টেডিয়ামের গ্যালারি প্রায় পরিপূর্ণ, যেখানে হলুদের–ই আধিপত্য।

ইকুয়েডরের জার্সি হলুদ। দক্ষিণ আমেরিকার দেশটিকে সমর্থন দিতে দর্শকরা নিজ দেশের জার্সি পরে এসেছেন। স্টেডিয়ামের মিডিয়া ট্রিবিউন থেকে যেখানেই চোখ পড়ে, সেখানেই শুধু ইকুয়েডরের হলুদ জার্সি। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময়ও ইকুয়েডরের দর্শকদের উন্মাদনা অনেক বেশি টের পাওয়া গেল। 

dhakapost

জার্মানি বিশ্ব ফুটবলে পরাশক্তি। খেলা শুরুর পরপরই (২ মিনিট) গোল দিয়ে তাদের শক্তি জানান দিয়েছে। জার্মানির গোলের পর তাদের পোস্টের পেছনে সমর্থকরা পতাকা উঁচিয়ে আনন্দ উদযাপন করে। ইকুয়েডর গোল বাতিল ও ফাউলের আবেদন করলেও নারী রেফারি কর্ণপাত করেননি। এই বিশ্বকাপে কয়েকটি ম্যাচে নারী রেফারি খেলা পরিচালনা করছেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নের ম্যাচ পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এসেছে। তারাও যে শক্তিশালী দল দ্রুত সময়ের (৯ মিনিট) মধ্যে গোল পরিশোধ করে সেটা প্রমাণ করেছে। ইকুয়েডর খেলায় সমতা আনার পর পুরো স্টেডিয়ামের গ্যালারি গর্জে উঠেছে। লাতিন আমেরিকার দেশগুলো অত্যন্ত ফুটবলপ্রিয়। ইকুয়েডর সেটা প্রমাণ করছে ক্ষণে ক্ষণে। 

নিউজার্সি স্টেডিয়ামে সর্বশেষ দিন তিনেক আগে নরওয়ে ও সেনেগাল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে পুরো স্টেডিয়াম পরিপূর্ণ ছিল। আজ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ম্যাচেও গ্যালারির অল্প কিছু আসন খালি থাকতে দেখা গেছে। 

এজেড/এএইচএস