World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলকে এড়িয়ে মরক্কোকে পেল নেদারল্যান্ডস

ব্রাজিলকে এড়িয়ে মরক্কোকে পেল নেদারল্যান্ডস

বিশ্বকাপে তৃতীয় গোল করলেন ব্রায়ান ব্রবি। তারপর নেদারল্যান্ডস আরও দুটি গোল করল, যার একটি নিজেরাই জড়ায় তিউনিসিয়া। ডাচরা কানসাস সিটিতে ৩-১ গোলের সহজ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠল।

জাপানের সঙ্গে সমান পয়েন্টে থেকে নেদারল্যান্ডস ম্যাচ শুরু করে। কিন্তু সামুরাই ব্লুরা সুইডেনের সঙ্গে আর্লিংটনে ১-১ গোলে ড্র করায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। তাতে ব্রাজিলকে এড়িয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোকে শেষ ৩২ এ প্রতিপক্ষ হিসেবে পেল তারা। ৫ পয়েন্ট নিয়ে নকআউটের টিকিট কাটা জাপান খেলবে ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট পাওয়া সুইডেন দ্বিতীয় পর্বের ম্যাচে প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

বিশ্বকাপ হার দিয়ে শুরু করার পরই তিউনিসিয়া তাদের কোচকে ছাঁটাই করে। ইতোমধ্যেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। কার্থেজের ঈগলদের বিপক্ষে গত দুই সপ্তাহের পুনরাবৃত্তি হলো প্রথম কয়েক মিনিটে। ডেনজেল ডুমফ্রাইস গোলমুখের সামনে বল বাড়ালেন, তিউনিসিয়ান অধিনায়ক এলিস শিকিরি বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়ান।

সপ্তম মিনিটে ২-০ করেন ব্রবি। ২৫ গজ দূর থেকে ফ্রি কিক পায় ডাচরা। ৬ ফুট ৫ ইঞ্চির ভার্জিল ফন ডাইক হেড করে বল বক্সের মধ্যে দেন এবং ঠিক জায়গায় থেকে ব্রবি বল তুলে দিয়ে তিউনিসিয়ান গোলকিপার আইমেন ডাহমেনকে পরাস্ত করেন।

তিউনিসিয়া অবশেষে গোল পায় ৫৪তম মিনিটে। হাজেম মাসতুরি কর্নার কিক থেকে জাল কাঁপান। ৬২তম মিনিটে পাল্টা জবাব দেয় নেদারল্যান্ডস। জ্যান পল ফন হেকের হেড আনিস স্লিমানের হেড থেকে আত্মঘাতী গোলে পরিণত হয়।

তারপর থেকে নেদারল্যান্ডস ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দ্বিতীয় অর্ধে ভারী বর্ষণে রূপ নিলে বজ্রপাতের ঝুঁকিতে সাময়িকভাবে ম্যাচ বন্ধ থাকে। 

তিনবার ফাইনালে উঠেও কখনো শিরোপা না জেতা নেদারল্যান্ডস এবারের আসর শুরু করেছিল জাপানের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে। তারপর ব্রবি ও কডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় তারা। নকআউটে নামার আগে আরেকটি আত্মবিশ্বাস জোগানো জয় পেল দলটি।

আর তিউনিসিয়ার বিশ্বকাপ শেষ হলো ভুলে যাওয়ার মতো করে। সুইডেনের কাছে ৫-১ গোলে হারার পর কোচ সাবরি লামুচি বরখাস্ত হন। ফরাসি কোচ হার্ভে রেনার্ড বিপদসঙ্কুল সময়ে তাদের দায়িত্ব নেন। কিন্তু সুবিধা করতে পারেননি। জাপানের কাছে ৪-০ গোলে হারে তিউনিসিয়া। আজকের হারে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল তারা।

এফএইচএম