বিজ্ঞাপন

ফিফার কাছে অভিযোগ জানাল ব্রাজিল

ফিফার কাছে অভিযোগ জানাল ব্রাজিল

স্কটল্যান্ডকে ৩–০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভ থামছে না সেলেসাওদের। এই ম্যাচেও জোড়া গোল করেছেন ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুস জুনিয়র। হ্যাটট্রিকটাও হতো তার, যদি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে ২২ মিনিটের গোল বাতিল না হতো! 

গোল বাতিলের ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বৃহস্পতিবার ফিফার কাছে পাঠানো এক চিঠিতে ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানায় সিবিএফ। একই সঙ্গে তারা অনুরোধ করেছে, মেক্সিকান রেফারি সিজার রামোসকে যেন ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়া হয়।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২২ তম মিনিটে ঘটে বিতর্কিত ঘটনাটি। তখন ১–০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনড্রি নিজের অর্ধে বল পায়ে নিয়ে দ্বিধায় ছিলেন। ভিনিসিয়ুস বল দখলে নিয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান। ব্রাজিলিয়ানদের গোল উদযাপন কিছুক্ষণের মধ্যে হতাশায় মিলিয়ে যায়। মেক্সিকান রেফারি সিজার রামোসকে পিচ সাইড মনিটরে ভিএআর রিভিউ নিতে বলা হয়। রিপ্লে দেখে তিনি গোলটি বাতিল করেন। তার মতে বলটি কেড়ে নেওয়ার সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। গোল বাতিলের সঙ্গে সঙ্গে ডাগআউটে খেলোয়াড় ও কোচরা ক্ষোভ জানান।

রিপ্লেতে দেখা গেছে, হেনড্রি বল বিপদমুক্ত করার মুহূর্তে তার সামনে বাঁ পা বাড়িয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। কারও কারও মতে, ব্রাজিলিয়ান তারকা ন্যায্যভাবে বল দখলে নেন, আবার কেউ মনে করেন, কিক নেওয়ার সময় হেনড্রি বাধা পেয়েছেন। রেফারির এই সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, খেলোয়াড়রা এবং কোচিং স্টাফের সদস্যরা। ম্যাচ শেষে সিবিএফও স্পষ্ট জানিয়ে দেয়, সিদ্ধান্তটি তারা মেনে নিতে পারছে না।

ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিবিএফ সভাপতি সামির জাউদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ করে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ভিএআর ব্যবহারের উদ্দেশ্য হলো মাঠের রেফারির ‘স্পষ্ট ভুল’ সংশোধন করা। কিন্তু এই ঘটনায় সেই নীতি অনুসরণ করা হয়নি বলেই মনে করছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

চিঠিতে আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্ত ম্যাচের স্বাভাবিক ধারাকে প্রভাবিত করেছে। সে কারণেই ভবিষ্যতে সেসার রামোসকে ব্রাজিলের ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছে সিবিএফ।

প্রসঙ্গত, আগামী সোমবার হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। 

এফআই