World Cup Football Field

বিজ্ঞাপন

টানা ১১ জয়, ৩৮ গোল! শেষ কবে হেরেছিল জার্মানি?

টানা ১১ জয়, ৩৮ গোল! শেষ কবে হেরেছিল জার্মানি?

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে চমকে দিলো ইকুয়েডর। ২-১ গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল দক্ষিণ আমেরিকার দেশটি। একেবারে অচেনা ফলাফল দেখতে হলো জার্মানদের। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর পরাজয় বরণ করল জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

ইকুয়েডরের কাছে হারার আগে টানা ১১ ম্যাচ জিতেছিল জার্মানি, যার শুরু হয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছর ৮ সেপ্টেম্বর। ৩-১ গোলে সেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জিতেছিল তারা।

তারপর লুক্সেমবার্গ ও নর্দার্ন আয়ার‌ল্যান্ডকে দুইবার করে হারায়। তারপর স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আগের ম্যাচ হারের শোধ তুলে বাছাই শেষ করে জার্মানরা। গত বছর পাঁচ সেপ্টেম্বর ২-০ গোলে স্লোভাকদের কাছে হেরেছিল তারা, আর সেটাই ছিল ইকুয়েডর ম্যাচের আগে শেষ হার।

এই সময়ে ৩৮ গোল করেছে জার্মানি। সবচেয়ে বড় জয় কুরাসাওয়ের বিপক্ষে উদ্বোধনী বিশ্বকাপ ম্যাচে, ৭-১ ব্যবধানে। এর আগে জার্মানির সঙ্গে দুইবারের দেখায় কখনও তাদের হারাতে পারেনি ইকুয়েডর। এমনকি বিশ্বকাপের নকআউটেও উঠেছিল কেবল একবার, সেই আসর হয়েছিল আবার জার্মানিতে, ২০০৬ সালে। ২০ বছর পর আবারও সর্বোচ্চ প্রতিযোগিতার নকআউটে লাতিন দেশটি। 

২০০৬ বিশ্বকাপে স্বাগতিক জার্মানির কাছে ইকুয়েডর ৩-০ ব্যবধানে হেরে যায়। এরপর ২০১৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দেখায়ও ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই দুটি হারের শোধ তুলে দুই দশক পর নকআউট বা শেষ ৩২ এ লা ট্রাইকলাররা।

এফএইচএম