গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে ফিফা বিশ্বকাপে এবার শুরু হবে আসল রোমাঞ্চ। ডু অর ডাই পর্বের ৪টি ম্যাচের সময়সূচি চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ২৯ জুন দিবাগত রাত থেকে শুরু হতে যাচ্ছে সেরা ষোলোতে ওঠার এই জমজমাট লড়াই।
সেরা ৩২ এর লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচটি পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো।
একই দিনে হাইভোল্টেজ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ান পরাশক্তি জাপান। এই ম্যাচের দিকে চোখ থাকবে সবার। হোস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায়।

পরের দিনেই থাকছে আরেক হাইভোল্টেজ ম্যাচ। সেরা ষোলোতে উঠার লড়াইয়ে নামবে দুই শক্তিশালী দল মরক্কো ও নেদারল্যান্ডস। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এদিকে দ্বিতীয় রাউন্ডের আরও একটি ম্যাচের সময় সূচি চূড়ান্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। ২ জুলাই সান্তা ক্লারাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে চার ম্যাচের সময়সূচি। বাকি ১২টি ম্যাচেরও গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, এই রাউন্ডে ম্যাচ ড্র হওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমিমাংসিত থাকলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি টাইব্রেকারের মাধ্যমে জয়ী দল চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।
এমএমএম/

