বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। তবে মাঠের সাফল্যের চেয়ে এখন বেশি আলোচনায় আফ্রিকার দেশটির কোচ এমার্স ফায়ের সঙ্গে জার্মান কিংবদন্তি বাস্তিয়ান শোয়েনস্টাইগারের কথার লড়াই।
জার্মানির বিপক্ষে হারলেও গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে আইভরি কোস্ট। কিন্তু সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন সাবেক জার্মান বিশ্বকাপজয়ী মিডফিল্ডার শোয়েনস্টাইগার।
বিশ্বকাপ চলাকালে এক টেলিভিশন আলোচনায় আফ্রিকান ফুটবল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আফ্রিকান দলগুলোর খেলার ধরন অনেক সময় ‘বন্য’ এবং কৌশলগত দিক থেকে ততটা গোছানো নয়। মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
আইভরি কোস্টের প্রধান কোচ এমার্স ফায়ে বিষয়টিকে শুধু ফুটবল বিশ্লেষণ হিসেবে দেখেননি। তার মতে, এমন মন্তব্যের মধ্যে বর্ণবাদী দৃষ্টিভঙ্গির ছাপ রয়েছে। কুরাসাওকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফায়ে বলেন, 'আমি যখন তার মন্তব্যগুলো শুনলাম, মানুষ হিসেবে তার প্রতি আমি ভীষণ হতাশ হয়েছি। তার মতো একজন ফুটবলবোদ্ধা যখন এভাবে কথা বলেন, তখন সত্যিই অদ্ভুত লাগে। সরাসরি বলতে গেলে, এটাকে বর্ণবাদী মন্তব্যই বলা চলে।'
সমালোচনা বাড়তে থাকলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শোয়েনস্টাইগার। জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তার মন্তব্যের লক্ষ্য ছিল কেবল ফুটবলীয় বিশ্লেষণ, কোনো জনগোষ্ঠী বা জাতিগত পরিচয় নয়।
শোয়েনস্টাইগারের ভাষ্য, 'আমি ফুটবল নিয়ে কথা বলছিলাম, মানুষকে নিয়ে নয়। এটি সম্পূর্ণ একটি ফুটবলীয় বিশ্লেষণ ছিল। এর বেশিও নয়, কমও নয়। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার বিন্দুমাত্র ছিল না।'
চলমান বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন শোয়েনস্টাইগার। তার পক্ষ নিয়ে কথা বলেছেন এআরডির স্পোর্টস কো-অর্ডিনেটর অ্যাক্সেল বলকাউস্কিও। তিনি জানান, সাবেক জার্মান মিডফিল্ডার কেবল আইভরি কোস্টের খেলার ধরন সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলেন। তবে বিতর্ক থামেনি। কারণ আধুনিক ফুটবলে আফ্রিকান দলগুলোর ট্যাকটিক্যাল উন্নতি এবং আন্তর্জাতিক সাফল্যের প্রেক্ষাপটে এমন সাধারণীকরণকে অনেকেই নেতিবাচক ও সেকেলে দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন।
বিশ্বকাপের মঞ্চে আইভরি কোস্ট এখন নিজেদের ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর। কিন্তু মাঠের লড়াইয়ের পাশাপাশি শোয়েনস্টাইগারের মন্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্কও দলটির বিশ্বকাপ যাত্রায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এইচজেএস

