World Cup Football Field

বিজ্ঞাপন

জর্ডান ম্যাচে বেঞ্চে থাকবেন মেসি, নকআউটের প্রতিপক্ষ নিয়ে স্কালোনির ভাষ্য

জর্ডান ম্যাচে বেঞ্চে থাকবেন মেসি, নকআউটের প্রতিপক্ষ নিয়ে স্কালোনির ভাষ্য

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাদের হারানোর কিছু নেই। তবুও নিশ্চয়ই নেতিবাচক কোনো ফল পেতে চাইবেন না আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। একইসঙ্গে লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ তারকাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাও তাকে ভাবতে হচ্ছে।

ডালাস স্টেডিয়ামে আগামীকাল (রোববার) সকাল ৮টায় ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশ কেমন হবে ইঙ্গিত না দিলেও মেসির খেলা নিয়ে স্কালোনি জানিয়েছেন, ‘লিও আগামীকাল বদলি হিসেবে নামবে, পরে খেলার জন্য। আগামীকালই আমরা দল ঘোষণা করব।’

প্রথম দুই ম্যাচে জয়ের জে গ্রুপের শীর্ষে থেকে শেষ ৩২-এ পা রেখেছে মেসি-আলভারেজরা। জর্ডানের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর আলজেরিয়া-অস্ট্রিয়া দু’দলেরই সর্বোচ্চ ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আর্জেন্টিনার সমান পয়েন্ট পেলেও তারা হেড টু হেডে মেসিদের কাছে হারায় টেবিলের শীর্ষে ওঠার আর সুযোগ নেই। শেষ ৩২-এ আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। ওই গ্রুপে লড়ছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে সেই জল্পনা আরও আগেই শুরু হয়েছে। আজ (শনিবার) ‘এইচ’ গ্রুপের ম্যাচ শেষেই সেটি নিশ্চিত হয়ে যাবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, ‘আগামীকালের ম্যাচে কে শুরুর একাদশে থাকবেন, তার সঙ্গে পরবর্তী রাউন্ডের প্রতিপক্ষ দলের কোনো সম্পর্ক নেই।’

‘আমি নিজ থেকে বলতে পারি না যে আমরা কার মুখোমুখি হতে চাই। এটি খুবই অসম্মানজনক ব্যাপার হবে। আমার কোনো পছন্দ থাকতে পারে না। তার চেয়ে বরং কালকেই চ্যাম্পিয়ন হিসেবে আমাদের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়াকে বেছে নেব। আমরা এমন অবস্থানে নেই যে, নিজেদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণ করব’, আরও যোগ করেন স্কালোনি।

এএইচএস