বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। মায়ামির চেজ স্টেডিয়ামে অল-আউট লড়াইয়ের আগে নিজেদের অফিশিয়াল শুরুর একাদশ ঘোষণা করেছে পর্তুগিজরা। দলের সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে এবং উজেবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরই আক্রমণভাগের মূল ভরসা রাখছেন কোচ রবার্তো মার্তিনেজ।
উজেবেকিস্তানকে ৫-০ গোলে উড়ানোর পর উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি কোচ মার্তিনেজ। তবে মাঝমাঠের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে একাদশে একটি পরিবর্তন এনেছেন তিনি। তরুণ জোয়াও নেভেসের পরিবর্তে আজ শুরু থেকেই খেলবেন অভিজ্ঞ রুবেন নেভেস।
আক্রমণভাগে রোনালদোকে সহায়তার জন্য থাকছেন জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস এবং পেড্রো নেতো। রক্ষণে যথারীতি থাকছেন রুবেন দিয়াজ। অন্যদিকে বেঞ্চে থাকছেন বার্নার্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। পুরোপুরি ফিট স্কোয়াড নিয়েই আজ মাঠে নামছে পর্তুগাল।
পর্তুগালের শুরুর একাদশ
দিওগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াজ, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, রুবেন নেভেস, ভিতিনহা, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।
এমএমএম/

