জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন দলটি শেষ ৩২–এর নকআউট ম্যাচে লড়বে ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়া কেপ ভার্দের বিপক্ষে। সহজ প্রতিপক্ষ মনে হলেও, গ্রুপপর্বে স্পেন-উরুগুয়ের বিপক্ষে অপরাজেয় থেকে তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। যা দেখে সতর্ক অবস্থানে লিওনেল স্কালোনি।
শেষ ৩২–এর ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। স্বাভাবিকভাবে তাই আলবিসেলেস্তে কোচের সামনে আসন্ন ম্যাচ ও প্রতিপক্ষ দলের প্রসঙ্গ আসবে। জবাবে কেপ ভার্দে ম্যাচটি কঠিন হবে জানিয়ে স্কালোনি বলেন, ‘ওরা ভালো দল, (গ্রুপপর্বে) তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।’
— Diario Olé (@DiarioOle) June 28, 2026
কেপ ভার্দে নিয়ে কেন এমন সতর্ক অবস্থানে সেটিও ব্যাখ্যা করলেন আর্জেন্টাইন কোচ, ‘কারণ তারা ইতোমধ্যে স্পেনের মতো অন্যতম ফেভারিট দল, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও তা (কঠিন লড়াই) করেছে। এই বিশ্বকাপে আমরা যেসব বিষয় দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির দল, মানসম্পন্ন এবং ভালো একটি দল।’
স্কালোনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জর্ডানের বিপক্ষে বড় জয়ের পর। ম্যাচটিতে তিনি শুরুর একাদশের (দুটি বাদে) প্রায় পুরোটাই পরিবর্তন করে খেলিয়েছেন। দ্বিতীয়ার্ধে বদলি নামেন মেসিসহ প্রথম একাদশের কয়েকজন। তার আগেই অবশ্য আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর ঠাণ্ডা মাথায় দেওয়া দারুণ এক ফ্রি-কিকে মেসিও স্কোরশিটে নাম তোলেন। আর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়লেন তিনি।
কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেখানকার আবহাওয়া বেশ গরম থাকবে বলে শঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা খুব গরম আবহাওয়ায় খেলতে যাচ্ছি, এমন এক সময়সূচিতে যা বোঝা কঠিন। তবে সবাই যেহেতু একই পরিস্থিতিতে খেলেছে, তাই আমাদের অভিযোগ করার সুযোগ নেই।’
জর্ডান ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালান আর্জেন্টাইন কোচ। বিশেষত মিডফিল্ডার এজাকুয়েল প্যালাসিওসকে দেখা যায় রাইটব্যাক পজিশনে। ফুটবলারদের বিকল্প হিসেবে সমন্বয় করা নিয়ে স্কালোনি বলেন, ‘এটি এমন একটি পজিশন, যেখানে আমাদের বিকল্প রাখতে হবে। নাহুয়েল (মোলিনা) অনেক দূর থেকে এসেছে, তাকে আমরা বিশ্রাম দিয়েছি। আর গঞ্জালোকে (মন্টিয়েল) আমি ঝুঁকিতে ফেলতে চাইনি, কারণ নির্দিষ্ট কিছু সময়ে সে গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের ম্যাচে খেলোয়াড়দের ঝুঁকিমুক্ত রেখে বিকল্প ব্যবহারের সুযোগ ছিল, যে ভবিষ্যতে এই পজিশনে খেলতে পারে।’
কোচের প্রশংসা কুড়িয়েছেন লিওনেল মেসিও। বেঞ্চ থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এই ম্যাচে অবশ্য সতীর্থদেরই বেশি সময় দিতে চেয়েছেন মেসি, সে কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত এবং প্রতিপক্ষকে ছোট না করেও নিজের সেই কিংবদন্তি সত্ত্বাকে আরও বড় করতে পারত। কিন্তু সে চেয়েছে তার সতীর্থরা আরও সময় পাক এবং আসন্ন ম্যাচ নিয়ে ভাবতে। এটাই তার সম্পর্কে ধারণা দেয়, কারণ মানুষ যে সংখ্যাগুলো নিয়ে এত কথা বলে, সেগুলো নিয়ে সে খুব বেশি চিন্তা করে না।’
এএইচএস

