World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল ম্যাচের আগে যে সমস্যা ভাবাচ্ছে জাপানকে

ব্রাজিল ম্যাচের আগে যে সমস্যা ভাবাচ্ছে জাপানকে

১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রাখে জাপান। এরপর থেকে আর কখনো বিশ্বকাপ মিস করেনি তারা। এই দীর্ঘ যাত্রায় এশিয়ার অন্যতম সেরা দলটি উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। ২০০২ সালে নিজেদের মাটিতে রাশিয়াকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়, চারবার শেষ ষোলোয় ওঠা, কিংবা ২০২২ কাতারে জার্মানি ও স্পেনকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেওয়া।

তবু জাপানি ফুটবলের ইতিহাসে হয়তো কোনো ম্যাচই এতটা তাৎপর্যপূর্ণ ছিল না, যতটা হতে যাচ্ছে আগামী সোমবার হিউস্টন স্টেডিয়ামে। কারণ এবার তাদের সামনে দাঁড়িয়ে আছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা এমনিতেই আলাদা। সেখানে প্রতিপক্ষ যদি হয় সেলেসাওরা, তাহলে সেই লড়াই স্বাভাবিকভাবেই অন্য মাত্রা পায়। ব্রাজিল হয়তো আগের প্রজন্মের মতো অপ্রতিরোধ্য নয়, কিন্তু তাদের নামটিই এখনো প্রতিপক্ষের মনে ভয় আর সমীহ জাগানোর জন্য যথেষ্ট।

আত্মবিশ্বাস যতই থাকুক, জাপানের শিবিরে একটি বিষয় নিয়ে উদ্বেগ রয়েই গেছে। সেটি হলো এগিয়ে যাওয়ার পর দ্রুত গোল হজম করার প্রবণতা। সুইডেনের বিপক্ষে ম্যাচে দাইজেন মায়েদার গোলে ৫৬ মিনিটে এগিয়ে গিয়েছিল জাপান। কিন্তু সেই লিড স্থায়ী হয়েছিল মাত্র ছয় মিনিট। এরপরই সমতায় ফেরে সুইডিশরা।

নেদারল্যান্ডসের বিপক্ষেও প্রায় একই গল্প। ৫৭ মিনিটে সমতা ফেরানোর পর মাত্র সাত মিনিটের মধ্যেই আবার পিছিয়ে পড়ে তারা। যদিও শেষ মুহূর্তে গোল করে নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। এই সমস্যাটিই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে দলকে।

সুইডেন ম্যাচের পর হিউস্টনে পৌঁছে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো স্বীকার করেছেন বিষয়টি, 'গোল করার ঠিক পরপরই আমরা প্রায়ই গোল হজম করে বসছি। এই জায়গাটাতে আমাদের আরও অনেক কাজ করার আছে। এই ধরনের পরিস্থিতিগুলো আমাদের দ্রুত শুধরে নিতে হবে।'

এইচজেএস