বিজ্ঞাপন

রাউন্ড অব ৩২-এ তিন ম্যাচে আকর্ষণ

রাউন্ড অব ৩২-এ তিন ম্যাচে আকর্ষণ

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। আজ থেকেই শুরু হচ্ছে নক আউট রাউন্ড। এখন থেকে ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। ৪৮ দলের বিশ্বকাপে এবারই প্রথম রাউন্ড অব ৩২ অনুষ্ঠিত হচ্ছে।

৩২ দল, ১৬ ম্যাচ। ১৬ ম্যাচের জয়ী দল রাউন্ড অব ১৬-তে খেলবে। গতকাল আর্জেন্টিনা গ্রুপের খেলা শেষে লাইন আপ চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আসা বিভিন্ন দেশের সাংবাদিকের কাছে ব্রাজিল-জাপান ও পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ দুটি এই পর্বে বেশি আকর্ষণীয়।

বিগত ১৭ বিশ্বকাপ কাভার করা জার্মান সাংবাদিক হর্টমুন্ড বলেন, ‘টুর্নামেন্টের ফরম্যাটের জন্য প্রথম রাউন্ডে খুব বড় দল কেউ বাদ পড়েনি। রাউন্ড অফ ৩২-এ ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ দুটোই বেশি আকর্ষণীয়। কারণ দুই দলের প্রতিপক্ষই বেশ শক্তিশালী। এই পর্বে এই দুটো ম্যাচই বেশি আলোচনায় থাকবে।’

প্রবীণ সাংবাদিকের সঙ্গে একমত ফরাসি সাংবাদিক লেপেজ আরেকটি ম্যাচ যোগ করেছেন, ‘জাপান ফুটবলে দুর্দান্ত উন্নতি করেছে। ব্রাজিলকে তারা হারিয়েছেও একবার। ফলে ম্যাচটি অবশ্যই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা পড়েছে। মদ্রিচ ও রোনালদো দ্বৈরথ এই রাউন্ডে সবচেয়ে উপভোগ্য। বিশ্বকাপ থেকে একজন বিদায় নেবে, এটা রুঢ় বাস্তবতা। এর পাশাপাশি মরক্কো ও নেদারল্যান্ডস ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট একদল এই পর্বে বাদ পড়বে।’

গতবারের ফাইনালিস্ট ফ্রান্স এবার দারুণ ছন্দে। তাদের প্রতিপক্ষ সুইডেন। এদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আর্জেন্টিনা ও ফ্রান্সের জয় পেতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন ইংল্যান্ডের সাংবাদিক ডেভিড। তিনি বলেন, ‘কেপ ভার্দে নকআউটে উঠে চমক দেখিয়েছে। আর্জেন্টিনাকে কিছুটা বেগ দেয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত মেসিদের জয় পাওয়া কষ্ট হওয়ার কথা নয়। তেমনি ফ্রান্সও সুইডেনকে হারাতে সমস্যা হওয়ার কথা নয়।’

এজেড/এমএমএম

বিজ্ঞাপন