World Cup Football Field

বিজ্ঞাপন

জাপান ম্যাচে ‘ফেভারিট’ ব্রাজিল, আবার শঙ্কিতও

জাপান ম্যাচে ‘ফেভারিট’ ব্রাজিল, আবার শঙ্কিতও

বিশ্বকাপের নকআউট শুরু হয়েছে গতকাল (রোববার) কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। শেষ ৩২–এর আসল ঝাঁজ পাওয়া যাবে আজ (সোমবার) ব্রাজিল-জাপান ম্যাচে। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফেভারিটের তকমা থাকলেও এশিয়ান পরাশক্তি জাপানের পারফরম্যান্স ব্রাজিলের মাঝে চাপা শঙ্কা তৈরি করছে। 

আমেরিকান সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) হিউস্টনে ব্রাজিল-জাপান দ্বৈরথ। এই দ্বৈরথের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে জাপানকে বেশ সমীহ প্রদর্শন করে বলেন, ‘তারা বেশ সুসংগঠিত, শক্তিশালী দল।’ জাপান এই বিশ্বকাপে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। জাপানের ফুটবলারদের স্ট্যামিনা ও লড়াইয়ের মানসিকতা যেকোনো দলের জন্য ভয়ানক। 

ব্রাজিল জাপানের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে টোকিওতে ৩-২ গোলে হেরেছিল। সেই হার ব্রাজিলের জন্য শিক্ষণীয় বলে মনে করছেন কোচ আনচেলত্তি, ‘সেটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয়। আমরা এই ম্যাচে নতুনভাবে শুরু করতে চাই।’

ব্রাজিলের বর্তমান স্কোয়াড খুব বেশি তারকাখচিত নয়। এরপরও নেইমার, ভিনিসিয়ুস, ক্যাসিমিরোরা ম্যাচের ফলাফল নিজেদের করে নিতে সক্ষম যেকোনো পরিস্থিতিতে। ব্রাজিলের বড় শক্তি তাদের অভিজ্ঞ কোচ আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার কৌশলে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ফলাফল পরিবর্তন হয়েছে। আনচেলত্তির ট্যাকটিক্স ম্যাচের চিত্র বদলাতে পারে যখন-তখন। 

dhakapost

জাপান খেলার শেষ মিনিট পর্যন্ত জানপ্রাণ দিয়ে লড়ে। টিম স্পিরিট ও নানা ফ্যাক্টরে জাপান ব্রাজিলকে বেগ দেওয়ার সামর্থ্য থাকলেও ফেভারিট হিসেবে ব্রাজিলই মাঠে নামবে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হলেও আনচেলত্তি অন্য রকম ভাবছেন, ‘এই টুর্নামেন্টে বিশেষ কোনো ফেভারিট নেই। সময় ও খেলার সঙ্গে পরিবর্তন হচ্ছে।’

জাপানের কোচ হাজিমি অবশ্য ব্রাজিলকে ফেভারিট আখ্যা দিয়ে নিজেদের জয়ের আশাও ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ব্রাজিল অবশ্যই সেরা দলের একটি। তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।’

ব্রাজিল-জাপান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তাই দুই দলই টাইব্রেকারের প্রস্তুতি নিয়ে রেখেছে। গত বিশ্বকাপে দুই দলই টাইব্রেকারে বিদায় নিয়েছিল। আজকের ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকা জুড়েই। সমর্থকরা খেলা দেখার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন। ব্রাজিল-জাপান দ্বৈরথে ফুটবলের প্রকৃত জয়ই যেন কাম্য! 

এজেড/এএইচএস