বিশ্ব ফুটবলের মানচিত্রে একসময় ব্রাজিল ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। প্রতিটি বিশ্বকাপে শিরোপার প্রধান দাবিদার হিসেবে সেলেসাওদের নামই সবার আগে উচ্চারিত হতো। তবে সময় বদলেছে, বদলেছে বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্যও। তবুও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি প্রত্যাশা এতটুকু কমেনি বলে মনে করেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তির মতে, বিশ্ব ফুটবলে এখন আর কোনো একক পরাশক্তির আধিপত্য নেই। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এমনকি এশিয়া ও আফ্রিকার দলগুলোও আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপ–কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্বজুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার “একক ফেবারিট” তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’
তবে বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা বাড়লেও ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার চাপ কখনোই কমবে না বলে মনে করেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। রোনালদোর ভাষায়, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’
এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছে ব্রাজিল। আজ রাতে রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে যেমন হেক্সা জয়ের স্বপ্ন, তেমনি জাপানও ইতিহাস গড়ার অপেক্ষায়। ফলে হিউস্টন স্টেডিয়ামের এই লড়াইয়ে রোনালদোর কথার সত্যতা যাচাইয়েরও সুযোগ থাকবে—ব্রাজিল হয়তো আর একক ফেবারিট নয়, কিন্তু তারা এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি।
এইচজেএস

