World Cup Football Field

বিজ্ঞাপন

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত নিজেকে তুলে ধরতে পারলেন লাওতারো মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে পাওয়া পেনাল্টি থেকে গোল করে কেবল আর্জেন্টিনাকে এগিয়ে দেননি, বরং নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলের স্বাদও পেয়েছেন। কাতার বিশ্বকাপে অফসাইডে দুটি গোল বাতিল হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে গোল পেলেন তিনি।

এই গোলের পর আর্জেন্টিনার আক্রমণভাগে ‘নম্বর নাইন’ পজিশন নিয়ে প্রতিযোগিতায় নতুন করে এগিয়ে গেলেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ এখনো নিজের সেরা ছন্দ খুঁজে পাননি। ফলে কেপ ভার্দের বিপক্ষে নকআউটের ম্যাচে কে খেলবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

লাওতারো ও আলভারেজের এই লড়াই নতুন নয়। লিওনেল স্কালোনির পুরো মেয়াদজুড়েই দুই জনের মধ্যে মূল স্ট্রাইকার হওয়ার প্রতিযোগিতা চলেছে। তবে বিশ্বকাপের আগে ইনজুরির ধাক্কা আলভারেজকে কিছুটা পিছিয়ে দেয়। বাম গোড়ালির চোট তাকে ছন্দে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায়।

অন্যদিকে লাওতারো প্রস্তুতিটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর আইসল্যান্ডের বিপক্ষেও তিনি সুযোগ কাজে লাগান। সেই ধারাবাহিকতা থেকেই এসেছে বিশ্বকাপে তার গুরুত্বপূর্ণ এই গোল।

এখন পরিস্থিতি কিছুটা লাওতারোর দিকেই ঝুঁকে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচ স্কালোনির অনুশীলন পর্যবেক্ষণের পর। তবে জর্ডান ম্যাচের মতো কেপ ভার্দের বিপক্ষে লাওতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা খুব একটা নেই। কারণ মেসিকে ঘিরেই আর্জেন্টিনার আক্রমণভাগ সাজানো হবে।

অন্যদিকে পরিসংখ্যানও দুই ফরোয়ার্ডের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দীর্ঘ গোলখরার পর জাল খুঁজে পেয়েছেন লাওতারো। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করার পর আর সাফল্যের দেখা পাননি। অন্যদিকে হুলিয়ান আলভারেজের শেষ গোল এসেছিল মার্চে। এর আগের গোল এসেছিল গত বছরের জুনে।

আইএইচ