World Cup Football Field

বিজ্ঞাপন

নির্ঘুম রাতের অপেক্ষা ফুটবলপ্রেমীদের

ব্রাজিলের খেলা ছাড়াও একই দিনে আরও দুই জমজমাট ম্যাচ

ব্রাজিলের খেলা ছাড়াও একই দিনে আরও দুই জমজমাট ম্যাচ

কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে গতকাল (রোববার) বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে নকআউটের লড়াই শুরু হয়েছে । তবে শেষ ৩২–এর আসল ঝাঁজ পাওয়া যাবে আজ থেকে। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হচ্ছে এশিয়ার পরাশক্তি জাপানের। 

একই দিনে শেষ ষোলোর টিকিট কাটার মিশনে মাঠে নামবে আরও চার দল। সেই তালিকায় রয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, মরক্কো ও প্যারাগুয়ের মতো বড় পরাশক্তি। ফলে বাংলাদেশ সময় আজ রাত ও আগামীকাল সকালে ফুটবলপ্রেমীদের টেলিভিশন থেকে চোখ ফেরানোর জো নেই। একনজরে দেখে নেওয়া যাক তিন হাই-ভোল্টেজ ম্যাচের বিস্তারিত।

ব্রাজিল বনাম জাপান: সেলেসাওদের সামনে সামুরাই ব্লু
সময়: আজ রাত ১১:০০টা (বাংলাদেশ সময়)
ভেন্যু: এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস (যুক্তরাষ্ট্র)

গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে কিছুটা ধাক্কা খেলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে চেনা ছন্দে ফিরেছে ভিনিসিয়ুস-নেইমারদের দল। অন্যদিকে, এশিয়ান পরাশক্তি জাপান গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে ২-২ গোলে রুখে দেওয়া সামুরাই ব্লুরা তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তির জানান দিয়েছে। হেড-টু-হেড রেকর্ডে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও, জাপানের কাউন্টার-অ্যাটাকিং ফুটবল সেলেসাওদের রক্ষণভাগের বড় পরীক্ষা নিতে পারে।

জার্মানি বনাম প্যারাগুয়ে : শক্তি পরীক্ষা
সময়: আজ রাত ২:৩০টা (বাংলাদেশ সময়)
ভেন্যু: বোস্টন স্টেডিয়াম, ম্যাসাচুসেটস (যুক্তরাষ্ট্র)

গ্রুপ ‘ই’র টপার হিসেবে শেষ ৩২-এ এলেও নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা রক্ষণভাগের প্রধান তারকা নিকো শ্লটারবেকের গোড়ালির চোট, যার কারণে তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। অপরদিকে প্যারাগুয়ে অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউটে এসেছে। গ্রুপ পর্বে ১০ জন নিয়ে তুরস্ককে ১-০ ব্যবধানে হারানোর লড়াকু মানসিকতা দেখিয়েছে তারা। ২০০২ বিশ্বকাপের শেষ ১৬-তে এই দুই দলের দেখায় জার্মানি অলিভার নুভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল। এবার বোস্টনে প্যারাগুয়ে সেই প্রতিশোধ নিতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

নেদারল্যান্ডস বনাম মরক্কো: অগ্নিপরীক্ষা
সময়: আগামীকাল (মঙ্গলবার) সকাল ৭:০০ টা (বাংলাদেশ সময়)
ভেন্যু: মন্টেরি স্টেডিয়াম, গুয়াদালুপে (মেক্সিকো)

রাতে ব্রাজিল বনাম জাপানের ম্যাচে সবার নজর থাকলেও আগামীকাল সকালের ম্যাচটিও সবদিক বিবেচনায় উত্তাপ ছড়াতে পারে। ফিফা র‍্যাংকিংয়ের ৬ নম্বরে থাকা মরক্কো মুখোমুখি হচ্ছে ৭ নম্বরে থাকা নেদারল্যান্ডসের। ডাচরা গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয়ে এসেছে, ৩ ম্যাচে তারা গোল করেছে ১০টি। রোনাল্ড কোম্যানের আক্রমণভাগ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রুপ ‘সি’তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় হয়ে আসা আশরাফ হাকিমিদের রক্ষণভাগ ভাঙা ডাচ ফরোয়ার্ডদের জন্য সহজ হবে না। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে পারে ডিফেন্স বনাম অ্যাটাকের এক ক্লাসিক লড়াই।