বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলকে চমকে দিতে রক্ষণভাগে বড় পরিবর্তন এনেছে জাপান। পাঁচ ডিফেন্ডারের নতুন কৌশল নিয়ে মাঠে নামছে এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একই একাদশে আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ইনজুরির কারণে রাফিনিয়াকে না পেলেও আক্রমণভাগে ১৯ বছর বয়সী রায়ানকে আবারও শুরুর একাদশে রেখেছেন আনচেলত্তি। টানা দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া এই তরুণ ফরোয়ার্ড খেলবেন মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে। কাফের চোট পুরোপুরি না সারায় নেইমারও শুরু করবেন বেঞ্চে।
অন্যদিকে সুইডেনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ১-১ গোলে ড্র করা দল থেকে চারটি পরিবর্তন এনেছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। পাঁচ ডিফেন্ডারের রক্ষণ সাজাতে একাদশ থেকে বাদ পড়েছেন ইউকিনারি সুগাওয়ারা, কো ইতাকুরা, আয়ুমু সেকো ও আও তানাকা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, জুনিয়া ইতো ও কাইশু সানো।
গোড়ালির চোটে ভুগতে থাকা জাপানের তারকা তাকেফুসা কুবোও আছেন বদলি বেঞ্চে।
জাপানের একাদশ: জিয়ন সুজুকি; হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু; রিতসু দোয়ান, দাইজেন মায়েদা, কেইতো নাকামুরা, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কাইশু সানো; আয়াসে উয়েদা।
ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; মাথেউস কুনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।
আইএইচ

