World Cup Football Field

বিজ্ঞাপন

নকআউটে নামার আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

নকআউটে নামার আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। চোটের কারণে সুইডেনের বিপক্ষে নকআউট ম্যাচের দলে থাকছেন না ইন্টার মিলানে খেলা দলটির স্ট্রাইকার মার্কাস থুরাম। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

বুধবার নিউ জার্সিতে সুইডেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে সংবাদ সম্মেলনে দেশম জানান, পেশিতে চোট পাওয়ায় থুরামকে দলে রাখা সম্ভব হয়নি। তবে এই চোটকে গুরুতর মনে করছেন না ফরাসি কোচ। তার মতে, এটি ‘ছোটখাটো’ পেশির সমস্যা।

চোটের কারণে থুরাম সুইডেনের বিপক্ষে দলে না থাকলেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে দলে সর্বোচ্চ গোলদাতা এমবাপে থাকায় থুরামকে নিয়ে এত শঙ্কার কিছু দেখছেন না কোচ।

চলতি বিশ্বকাপে থুরামের ভূমিকা ছিল সীমিত। ইরাকের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে অল্প সময় মাঠে নেমেছিলেন তিনি। বাকি দুই গ্রুপ ম্যাচে পুরো সময়ই ছিলেন বেঞ্চে। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন ২৮ বছর বয়সী থুরাম।

বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ফ্রান্স। সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। 

ক্লাব ফুটবলেও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এই ফরোয়ার্ড। ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট করে দলকে সিরি আ এবং কোপা ইতালিয়া জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

আইএইচ