ব্রাজিলের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। তারা যখন জয় উদযাপনে ব্যস্ত, তখন জাপানের বেশ কয়েকজন খেলোয়াড় চরম হতাশায় ভেঙে পড়েছেন। ২৯ মিনিটে সানোর করা গোলে প্রথমার্ধ শেষে জাপান ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।
দ্বিতীয় অর্ধে ব্রাজিল যেন নতুন উদ্যমে মাঠে নামে এবং বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে। ম্যাচের ৫৬ মিনিটে ব্যাক পোস্টে দুর্দান্ত এক হেডের মাধ্যমে সমতাসূচক গোলটি করেন কাসেমিরো।
ব্রাজিলের ক্রমাগত চাপ সত্ত্বেও ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। জাপান বীরত্বের সাথে রক্ষণভাগ সামাল দিচ্ছিল এবং মাঝে মাঝে ভাগ্যের ছোঁয়াও পাচ্ছিল।
তবে বদলি খেলোয়াড় মার্তিনেল্লির পরিকল্পনা ছিল ভিন্ন। ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে গিমারায়েসের একটি নিখুঁত পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন তিনি।
শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে অপেক্ষা করছে আইভরি কোস্ট অথবা নরওয়ে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় নরওয়ে ও আইভরি কোস্ট ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে। আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এফএইচএম

