World Cup Football Field

বিজ্ঞাপন

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

ম্যাচের স্কোরলাইন তখন ১-১। একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছে না ব্রাজিল। নেইমার জুনিয়র অ্যাপ্রোন পরে রানিং করছেন। আনচেলত্তি চার জন ফুটবলার বদল করলেও নেইমারকে আর নামাননি।

জাপানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ব্রাজিল পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে জাপানের অর্ধে খেলা হয়েছে বেশি। পারফরম্যান্স ব্রাজিলের ভালো হলেও স্কোরিংয়ে সমস্যা ছিল। তাই নেইমারকে ব্যবহার না করায় হতাশ ব্রাজিলিয়ান সমর্থক গ্র্যাবিয়েল, ‘নেইমার অভিজ্ঞ ফরোয়ার্ড। ম্যাচের সংকটপূর্ণ সময়ে তাকে নামানো উচিত ছিল।’

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কিনা সংশয় ছিল। শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে নিয়েছেন। দলে নিলেও চার ম্যাচের মধ্যে মাত্র মিনিট পনেরো খেলিয়েছেন। আগামীতে নেইমারকে বেশি সময় খেলানো দাবি সমর্থকদের, ‘নেইমার এখন ফিট। সে খেললে ভিনির ওপর চাপ কমবে। নেইমারকে আগামী ম্যাচগুলোতে অবশ্যই ব্যবহার করা উচিত।’

আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন। বিশেষ সময়ে তার কৌশল ম্যাচের গতিপথ বদলে দেয় অনেক সময়। অত্যন্ত প্রজ্ঞাবান কোচের খানিকটা সমালোচনা ব্রাজিলিয়ান নেইমার ভক্ত সমর্থকদের, ‘সে ভালো কোচ। আরও গোছালো ও পরিকল্পিত ফুটবল দেখার প্রত্যাশা। তার কৌশল ও পরিকল্পনার জন্য নেইমার সেভাবে খেলার সুযোগ পাচ্ছে না।’

অবশ্য ইতালিয়ান কোচ নেইমারকে না নামানোর ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর অপেক্ষায় ছিলাম। আমি ওর সাথে কথাও বলেছিলাম। আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তবে সে ৬০ বা ৬৫ মিনিটের মাথায় মাঠে নামত। কিন্তু আমরা গোল শোধ করার পর আমি দলের কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইনি, কারণ ততক্ষণে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল।’

এজেড/এফএইচএম