জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২ এ ব্রাজিলের জয়ে তাদের মিডফিল্ডার অনন্য এক ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছেন কাসেমিরো, যেখানে আছেন আরও চার জন!
২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ খেলে ১২ ম্যাচ অজেয় কাসেমিরো। ব্রাজিলিয়ান জাতীয় দলের পাঁচ নম্বর জার্সিধারী তার স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন।
শেষ ষোলোতে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটিতে জিতলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে অজেয় থাকার রেকর্ড একার করে নেবেন কাসেমিরো।
২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারা ম্যাচে মাঠে ছিলেন না কাসেমিরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ সালে বিদায় নেওয়ার ম্যাচে ছিলেন তিনি, কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার কারণে রেকর্ডের খাতায় সেটি হার হিসেবে ধরা হয়নি।
এছাড়া কাসেমিরো ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করেছেন। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরানো গোল করেন ৩৪ বছর ও ১২৬ দিন বয়সী মিডফিল্ডার। ৩৪ বছর ও ১৩৭ দিন বয়সী বেবেতো গোল করে তার উপরে।
এফএইচএম

