World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের শেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল নরওয়ে, যা ভাবছে দেশটি

বিশ্বকাপের শেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল নরওয়ে, যা ভাবছে দেশটি

নকআউটের প্রথম বাধা পেরিয়ে শেষ ষোলোয় উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। যেখানে তারা পেতে পারে শেষ ৩২–এ নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচের বিজয়ী দলকে। তবে অনেকের আলোচনায় এগিয়ে রয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। ইউরোপীয় দেশটি বিশ্বকাপের শেষ দেখায় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল।

১৯৯৮ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ব্রাজিল। যদিও গ্রুপপর্বে নরওয়ের বিপক্ষে তারা অবিস্মরণীয়ভাবে হেরেছিল। সেই ঘটনা আবার আলোচনায় এসেছে নরওয়ের বর্তমান বিশ্বকাপ দলের সাফল্য এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ফের খেলার সম্ভাবনা তৈরি হওয়ায়। সেক্ষেত্রে অবশ্য তাদের আজ (মঙ্গলবার) রাত ১১টায় আইভরি কোস্টকে হারাতে হবে। 

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের সেই জয়টি নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলে বিবেচনা করা হয়। সেই ম্যাচের কয়েক মাস পর জন্ম হয় বর্তমান দলে থাকা মিডফিল্ডার সান্ডার বার্গের। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি সেই মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছি, কারণ বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা হয়েছে। অবশ্যই ব্রাজিল-নরওয়ের বড় হওয়া প্রতিটি ফুটবলপ্রেমীর মতো আমরাও বিশ্বকাপে তাদের সব সুপারস্টারকে খেলতে দেখেছি। এগুলো আমাদের জন্য দারুণ স্মৃতি।’

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে খেলতে পারা স্বপ্ন পূরণের মতো হবে বলেও দাবি এই নরওয়ে তারকার, ‘নকআউট পর্বে যদি তাদের বিপক্ষে খেলার সুযোগ আসে, সেটা হবে স্বপ্ন পূরণের মতো। একইসঙ্গে দারুণ এক চ্যালেঞ্জ, সুযোগ ও অভিজ্ঞতা।’ 

Image

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন নরওয়ের কোচ স্টালে সলবাক্কেন। তখন এক সাংবাদিক তাকে জানান, ব্রাজিল শেষদিকে গোল করে এগিয়ে গেছে এবং বিশ্বকাপে আবারও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। জবাবে নরওয়ে কোচ বলেন, ‘আমরা পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। এটা এখনও অনেক দূরের বিষয়। আমরা আগামীকালের (আজ) ম্যাচ জেতার চেষ্টা করব।’

তবে ১৯৯৮ সালের সেই ম্যাচের গুরুত্ব তিনি ভালোভাবেই জানেন। ওই ম্যাচের ৮৩তম মিনিটে সমতায় ফেরার পর ৮৯তম মিনিটে তোরে আন্দ্রে ফ্লো’র পেনাল্টিতে নরওয়ে ২-১ ব্যবধানে জয় পায়। সলবাক্কেন বলেন, ‘সেই ম্যাচটি স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ ছিল, খেলোয়াড়দের জন্য এবং কোচের জন্যও। আমি অবশ্যই সেটি মনে রেখেছি, তবে আমরা এখানে এসেছি যেন সেই ম্যাচের স্মৃতি একটু পেছনে রেখে নতুন কিছু তৈরি করতে পারি।’

এএইচএস