World Cup Football Field

বিজ্ঞাপন

‘আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, ডাচরা আমাদের সমীহ করেছে’

‘আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, ডাচরা আমাদের সমীহ করেছে’

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের ৯০তম মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল মরক্কো। যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে সমতায় সূচক গোলটি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে ওঠে যায় আফ্রিকান দলটি।

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি বলেন, ‘মরক্কো এখন সবার শ্রদ্ধা অর্জন করেছে। এটা আমাদের মুখের কথা নয়, আমরা মাঠে সেটা করে দেখিয়েছি। এই দলটা শুধু ফুটবল বা একটা ম্যাচ জেতার জন্য লড়ছে না, তার চেয়েও বড় কিছুর জন্য লড়ছে।'

‘ছেলেরা জানে তাদের পেছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে। মেক্সিকোতে যখন খেলা চলছিল, মরক্কোয় তখন রাত ২টা। আমরা নিশ্চিত, দেশের মানুষ ঘুমায়নি, তারা জেগে আমাদের খেলা দেখেছে। এই ভালোবাসাই ছেলেদের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার শক্তি জোগায়।’

ম্যাচে মরক্কোর একচেটিয়া আধিপত্যের কথা উল্লেখ করে ওয়াহবি বলেন, ‘আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। ৭০ শতাংশ বল পজিশন আমাদের ছিল, শটও আমাদের বেশি ছিল। ডাচরা যে এভাবে নিচে নেমে রক্ষণাত্মক ফুটবল খেলবে, তা আমি ভাবিনি। কারণ ওরা বল পায়ে রাখতে ভালোবাসে। তবে ডাচদের এই রক্ষণাত্মক কৌশলই প্রমাণ করে, ওরা আমাদের কতটা ভয় পাচ্ছিল এবং সমীহ করছিল।’

৪৯ বছর বয়সী এই কোচ মনে করেন, ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পর থেকেই মরক্কোর ফুটবলারদের মানসিকতা বদলে গেছে। এখন তারা বিশ্বের যেকোনো দলকে হারাতে বিশ্বাস রাখে। শেষ ১৬-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে মরক্কো। কানাডা ম্যাচ নিয়ে কোচ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তবে আমাদের থামানোর সাধ্য কারও নেই।’

এমএমএম/