World Cup Football Field

বিজ্ঞাপন

আজ আইভরি কোস্টের বিপক্ষে খেলবেন হালান্ড?

আজ আইভরি কোস্টের বিপক্ষে খেলবেন হালান্ড?

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে যখন নরওয়ে একের পর এক গোল হজম করছিল, তখন সাইডলাইনে বসে নিশ্চয়ই অস্থির সময় কাটছিল আর্লিং হালান্ডের। বিশ্বকাপের মঞ্চে দলের সবচেয়ে বড় তারকা, অথচ মাঠে নামার সুযোগই পেলেন না। বোস্টন স্টেডিয়ামে বেঞ্চে বসেই দেখলেন ফরাসিদের কাছে নরওয়ের ৪-১ গোলের হার।

তবে সেই সিদ্ধান্তের পেছনে ছিল বড় পরিকল্পনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দিয়ে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন যেন তার সবচেয়ে মূল্যবান অস্ত্রটিকে তুলে রেখেছিলেন নকআউট পর্বের জন্য। আর তাই আজ আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন—হালান্ড কি ফিরছেন?

ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে নরওয়ে। প্রায় তিন দশকের অপেক্ষার পর আসা এই মুহূর্তে দেশের কোটি সমর্থকের চোখ থাকবে একজনের দিকেই—আর্লিং হালান্ড।

যদিও এখনো ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেননি কোচ সোলবাকেন। তবে তার আগের মন্তব্যই ইঙ্গিত দিচ্ছে, আইভরি কোস্টের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে।

ফ্রান্স ম্যাচের পর সোলবাকেন বলেছিলেন, ‘এটি একটি সহজ ও স্বাভাবিক সিদ্ধান্ত ছিল। নরওয়ের সমর্থকরা এবং স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও আর্লিংকে মাঠে দেখতে পছন্দ করতেন। কিন্তু আসল বিষয়টি সেটি নয়। আমরা এই টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’

কোচের কথাতেই পরিষ্কার হয়ে যায়, ফ্রান্সের বিপক্ষে হালান্ডকে না খেলানোর সিদ্ধান্ত ছিল দীর্ঘ পথচলার কথা মাথায় রেখে। নকআউটের লড়াইয়ে তাকে শতভাগ সতেজ রাখতেই সেই ঝুঁকি নিয়েছিলেন সোলবাকেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত সেই আস্থার প্রতিদানও দিয়েছেন হালান্ড। নরওয়ের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এরপর সেনেগালের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন দুইবার। মাত্র দুই ম্যাচে চার গোল করে ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন তিনি।

এইচজেএস