জার্মান গণিতবিদের বিগত দুই বিশ্বকাপের ভবিষ্যতবাণী সত্যি হয়েছিল। এবার তার বাজির ঘোড়া ছিল নেদারল্যান্ডস, তারাই হবে চ্যাম্পিয়ন। গতকাল মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে নেদারল্যান্ডসের যাত্রা রাউন্ড অফ ৩২ শেষ। চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানিও এই পর্বে বিদায় নিয়েছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের বিপক্ষে হেরে।
ফরাসি সাংবাদিক বেয়ার্ড জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায় খুব স্বাভাবিকভাবেই দেখছেন, ‘জার্মানির এই দলটি বিশ্বমানের নয়। টাইব্রেকারে তিন শট মিসের পর জেতা যায় না। নেদারল্যান্ডস নামের ওজন থাকলেও গতকালের ম্যাচে বড় তারকা ছিলেন মরক্কোর হাকিমি। এখানেই পার্থক্য স্পষ্ট। মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আর আফ্রিকা কাপ অফ নেশন্সে ফাইনালিস্ট। ফলে তাদের জয় মোটেও অপ্রত্যাশিত নয়।’
বিশ্বকাপ ফুটবলে জার্মানি সব সময় অলিখিত ফেভারিট। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যেন অন্য জার্মানি। রাশিয়া ও কাতারে প্রথম রাউন্ডেই বিদায়। এবার নক আউটের শুরুতেই। এর কারণ সম্পর্কে ফ্রান্সের সাংবাদিকের পর্যবেক্ষণ, ‘জার্মানির এই প্রজন্মের ফুটবলারের কোয়ালিটি আগের মতো নয় এটা স্পষ্ট। কোচের মানও সেই পর্যায়ের নয়। দল নিয়ে অতিমাত্রায় পরীক্ষা-নিরীক্ষা করছে। যার ফল এ রকম হয়েছে।’
স্প্যানিশ সাংবাদিক হোসে ডেভিড কয়েকটি বিশ্বকাপ কাভার করছেন। নেদারল্যান্ডসের বিদায় তিনিও স্বাভাবিকভাবে দেখছেন, ‘মরক্কো গত এক দশকে ফুটবলে অনেক উন্নতি করেছে। তাদের বিশ্বমানের একাডেমি রয়েছে, প্রবাসী ফুটবলার সুন্দর প্রক্রিয়া আনছে। মেধার সঙ্গে বিনিয়োগ ও পরিকল্পনার দারুণ সমন্বয়। যোগ্যতর দল হিসেবেই তারা জিতেছে।’
নেদারল্যান্ডস তাদের স্বর্ণ যুগেও বিশ্বকাপ জিততে পারেনি। এরপর রোবেনদের সময়েও সেই রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে জার্মানরা বিশ্বকাপে শেষ চার পর্যন্ত যাবে এটা ধরে নেওয়া হয় সাধারণত। গত দুই বিশ্বকাপের পর এই আসরেও জার্মানদের ব্যর্থতা। যা ফুটবল বিশ্বের জন্য নতুন বার্তা মনে করছেন এই স্প্যানিশ সাংবাদিক, ‘নতুন ফুটবল বিশ্ব অন্য রকম। এখানে আগের চিরাচরিত ফেভারিট প্রথা আর নেই। স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করে। ফলে ইতিহাস ও পরিসংখ্যান নির্ভর পারফরম্যান্স এখন আর প্রত্যাশিত নয়। জার্মানির কোচ বিদায় করে নতুন করে পরিকল্পনা করা উচিত।’
জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ে বিশ্বকাপের উন্মাদনা ও রঙ খানিকটা হারাবে। ফরাসি ও স্প্যানিশ সাংবাদিক এটাকে ফুটবলের সৌন্দর্য্য আখ্যায়িত করে অন্য দলগুলোর জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, ‘জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায় অন্য বড় দলগুলোর জন্য সতর্কবার্তা। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল ও আর্জেন্টিনা এখনো রেসে রয়েছে। তারা কেউ আকস্মিক বাদ পড়লে সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না।’
এজেড/এফএইচএম

