World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলকে নিয়ে পরে ভাববেন নরওয়ে কোচ, অধিনায়ক বললেন, ‘চ্যালেঞ্জিং হবে’

ব্রাজিলকে নিয়ে পরে ভাববেন নরওয়ে কোচ, অধিনায়ক বললেন, ‘চ্যালেঞ্জিং হবে’

আইভরি কোস্ট বাধা পার করল নরওয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, যারা প্রতি ম্যাচেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। ইতিহাস কিন্তু নরওয়ের পক্ষে। তারাই একমাত্র দল, যারা কখনো ব্রাজিলের কাছে হারেনি। চারবারের দেখায় দুটি জিতেছে এবং ড্র দুটি। তাদের অধিনায়ক মার্টিন ওডেগার্ড মনে করেন, এই ম্যাচ দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।

আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের প্রথম গোলে অ্যাসিস্ট করা এই মিডফিল্ডার বললেন, ‘আমি মনে করি দুই দলের জন্যই এটি হতে যাচ্ছে খুব কঠিন ম্যাচ। আমরা ব্রাজিলের মুখোমুখি হচ্ছি, জাতীয় দল বিবেচনায় এর চেয়ে বড় প্রতিপক্ষ আর নেই। ব্রাজিলের মুখোমুখি হওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জের।’

ব্রাজিলের বিপক্ষে নরওয়ে তাদের পুরোনো ফর্ম ধরে রাখতে পারবে আশা ওডেগার্ডের, ‘এই ধরনের একটি ম্যাচ খেলতে পারা দারুণ একটি সুযোগ। আমরা নরওয়ে বনাম ব্রাজিলের সেই ইতিহাস এবং সেই সময় যা ঘটেছিল সব গল্প শুনে বড় হয়েছি। এখন আমাদের সুযোগ এসেছে, তাই আমরা মাঠে নামার জন্য উন্মুখ এবং ভীষণ উত্তেজিত। দেখা যাক পূর্ববর্তী প্রজন্মের সেই কীর্তির পুনরাবৃত্তি আমরা করতে পারি কি না।’

তবে দলের কোচ স্টালে সোলবাকেন বলেছেন, আইভরি কোস্টের বিপক্ষে জয়ের আনন্দ ও উত্তেজনা শেষ হওয়ার আগে তিনি ব্রাজিলকে নিয়ে ভাবছেন না। কারণ এটি বিশ্বকাপে নরওয়ের ইতিহাসের প্রথম নকআউট পর্বের জয়।

তিনি বলেন, ‘শীর্ষ কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে একটি বড় দলের বিপক্ষে ম্যাচ জেতা, আমার চেয়ে ইতিহাসবিদরাই এর র‍্যাংকিং বা গুরুত্ব ভালো মূল্যায়ন করতে পারবেন।’

এর আগে তিনটি বিশ্বকাপ খেলে দুইবার শেষ ষোলোতে উঠলেও নকআউটের সেই ম্যাচগুলো জিততে পারেনি নরওয়ে। সোলবাকেন সেই কথা মনে করিয়ে দিলেন, ‘তবে নরওয়ে এবারই প্রথম কোনো নকআউট ম্যাচ জিতেছে এবং এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক পারফরম্যান্স।’

আপাতত এই সাফল্য উপভোগ করতে চান তিনি, ‘আমরা ব্রাজিলকে নিয়ে পরে কথা বলব এবং আজকের দিনের জন্য বিষয়টি এখানেই থাক। আমি এখনই নতুন কোনো ম্যাচ নিয়ে বিশ্লেষণে যেতে চাই না।’

কোচের আরও কথা, ‘আমরা জানি তারাই ফেভারিট। কিন্তু আজকের দিনটি ব্রাজিলকে নিয়ে নয়, এটি আমাদের এবং আইভরি কোস্টকে নিয়ে।’

এফএইচএম