এর চেয়ে নির্মম আর কী হতে পারতো! ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবারের অবস্থাটা একপ্রকার অধিক শোকে পাথর হওয়ার মতো। ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ হয়েছে। তার দল ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। নিয়ম মেনে সংবাদ সম্মেলনে এসেছিলেন। প্রেস ব্রিফিং চলাকালেই বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি।
সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন কঙ্গোর ফরাসি কোচ সেবাস্তিয়ান। হঠাৎই মিডিয়া অফিসার ঘোষণা করেন,‘আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।’
— Polymarket FC (@PolymarketFC) July 2, 2026
এ কথা শুনে প্রথমে থমকে যান সেবাস্তিয়ান। কয়েক সেকেন্ড বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে কিছুটা থিতু হয়ে তিনি বলেন, “আমাকে ক্ষমা করবেন।” এ কথা বলেই উঠে চলে যান তিনি। সেখানেই শেষ হয়ে যায় প্রেস ব্রিফিং।
এই পুরো ঘটনা লাইভ চলছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, সংবাদ সম্মেলন থেকে বের হয়ে সোজা বিমানবন্দরের পথ ধরেন সেবাস্তিয়ান। সেখান থেকে দেশে ফিরবেন তিনি। দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফিরবেন।

সেবাস্তিয়ানের অধীনে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যই পেয়েছে কঙ্গো। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম গোল, প্রথম জয় থেকে শুরু করে প্রথমবার নকআউটে ওঠা, সবই হয়েছে সেবাস্তিয়ানের কোচিংয়ে।
গতকালকের রাউন্ড অব বত্রিশের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে এগিয়ে গিয়েছিল কঙ্গো। প্রথমার্ধজুড়ে সেভাবে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তন করে। কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।
এফআই

