World Cup Football Field

বিজ্ঞাপন

হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব!

হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব!

ঘড়ির কাঁটা যখন মাঠের সবুজ গালিচায় শেষ বাঁশির জানান দেবে, তখন এক দল জয়ের উৎসবে মাতবে, আর হেরে স্তব্ধ হয়ে যাবে অন্য দল। তবে এই হার-জিতের চেয়েও বড় এক ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আজ পুরো ফুটবলবিশ্ব। আজকের এই ম্যাচটিই যে হতে পারে সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার একজনের মহাবিদায়ের ক্ষণ। হয়তো আজই শেষবারের মতো দেশের জার্সি গায়ে মাঠ ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনালদো, দ্য CR7; কিংবা হয়তো আজই শোকেসে নিজের বুটজোড়া তুলে রাখবেন শান্ত চোখের মায়াবী ফুটবলার লুকা মদ্রিচ।

৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ৪০ ছুঁইছুঁই লুকা মদ্রিচ- দুজনই ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে আছেন। রিয়াল মাদ্রিদের সোনালি দিনগুলোতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব জয় করেছিলেন। আর আজ বুড়ো হাড়ের ভেল্কি দেখাতে তারা মুখোমুখি একে অপরের। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের জন্য, ফুটবলের জন্য তারা যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছেন, তা যেন রূপকথাকেও হার মানায়।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবটির হয়ে একত্রে ২২২টি ম্যাচ খেলে তারা জিতেছেন ১৩টি শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা-লিগা ও কোপা ডেল রে এবং তিনটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা ইউরোপা লিগ শিরোপা।

ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যে দেশের জন্য ইউরোপ সেরার মুকুটও জিতেছেন। পর্তুগালের জার্সিতে ইউরো জেতা রোনালদো হয়তো চান এই বিশ্বকাপ জিতেই তার অমরত্বের গল্পটা শেষ করতে। অন্যদিকে, ক্রোয়েশিয়ার মতো ছোট একটি দেশকে সোনালি প্রজন্মের হাত ধরে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলা লুকা মদ্রিচও হয়তো চান আরেকবার শিরোপার কাছাকাছি যেতে, কিংবা শিরোপা জেতার শেষ চেষ্টাটা করতে; তারপর জানাবেন বিদায়। অনেক কিছুই হয়তো তারা ঠিক করে রেখেছেন।

কিন্তু নিয়তি আজ এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে তাদের, যেখানে আজই তাদের একজনের আশা-প্রত্যাশার ইতি ঘটবে। ফুটবল বিশ্বও হয়তো বিদায় জানাবে ওই একজনকে আজই!

রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো ও মদ্রিচ

আজ ম্যাচ শেষে যিনিই হারবেন, তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল শুধু তার একার হবে না, সেই জলবিন্দুতে ভিজে যাবে কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়।

টেলিভিশন স্ক্রিনের সামনে থেকে শুরু করে গ্যালারির দর্শক- সবাই হয়তো কোনো এক মুহূর্তের জন্য ভুলে যাবেন কে পর্তুগাল আর কে ক্রোয়েশিয়া। সবাই শুধু তাকিয়ে থাকবেন দুই কিংবদন্তির দিকে।

বিশ্বকাপ ফুটবল- সে অতি নিষ্ঠুর, নির্মম; নকআউটের দোহাই দিয়ে এই দুই মহানায়ককে একসাথে পরের রাউন্ডে যাওয়ার অনুমতি সে দেবে না। আজ রাতে তাই রেফারি যখন শেষ বাঁশি বাজাবেন, মাঠের স্কোরবোর্ডে যা-ই লেখা থাকুক না কেন, একটা বিষয় নিশ্চিত- আজকের রাতটি হাসির নয়, আজ কাঁদবে ফুটবলবিশ্ব।

এমএমএম/