১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে জোড়া গোল করা প্রথম স্প্যানিশ ফুটবলার হলেন মিকেল ওইয়ারসাবাল। এর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন এমিলিও বুত্রাগেনিও। ১৯৮৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন স্পেনের কিংবদন্তি ফরোয়ার্ড।
আজ অস্ট্রিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে দুটি গোল করে ওইয়ারসাবাল শুধু দলকে জিতিয়েই থামেননি, প্রায় চার দশক পুরোনো একটি বিশ্বকাপ রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন। ৩৬তম ও ৮৯তম মিনিটে পাওয়া তার দুই গোলেই ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ ১৬ বছর ধরে নকআউট পর্বে জয়ের স্বাদ পায়নি স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতেই থেমে গিয়েছিল তাদের পথচলা। এবার সেই হতাশার অধ্যায়ের ইতি টানল লুইস দে লা ফুয়েন্তের দল।
লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
এইচজেএস
